ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি, ২৪ ঘণ্টায় সংবাদ প্রত্যাহারের দাবি আসিফ মাহমুদের

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্রের বক্তব্যের ভিত্তিতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা’ ও ভিত্তিহীন দাবি করে ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে দুদকের পক্ষ থেকেও প্রকাশিত সংবাদ প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

আসিফ মাহমুদ বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি গৎবাঁধা এবং এতে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তার দাবি, দুদকের অভিযোগের সঙ্গে সংবাদে প্রকাশিত তথ্যেরও কোনো সামঞ্জস্য নেই।

পদোন্নতি ও বদলি বাণিজ্য নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যাদের পদোন্নতি দেওয়া হয়েছে, তা সরকারি বিধি ও জনপ্রশাসন কমিশনের (পিএসসি) নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই দেওয়া হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে এবং দুদকের কর্মকর্তাদের তা জানা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের অনেক তথ্য সত্য নয় দাবি করে তিনি বলেন, এসব তথ্য প্রকাশের মাধ্যমে তার সামাজিক ও রাজনৈতিকভাবে মানহানি করা হয়েছে।

দুদকের এক উপপরিচালকের বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই কর্মকর্তা একটি গণমাধ্যমকে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছিলেন। পরে একই কর্মকর্তা হোয়াটসঅ্যাপে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেন। আসিফ মাহমুদের দাবি, এ ঘটনা থেকেই বোঝা যায়, অভিযোগের পক্ষে এখনো শক্ত কোনো প্রমাণ নেই।

তিনি বলেন, দুদকের মুখপাত্রের বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদগুলো ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। শুধু গণমাধ্যম নয়, দুদকের পক্ষ থেকেও এসব সংবাদ প্রত্যাহারে উদ্যোগ নেওয়া উচিত। তা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এ ঘটনাকে আওয়ামী লীগের ‘পুরোনো কায়দার’ পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার যেভাবে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করেছিল, একই পদ্ধতিতে এখন তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ডকে ‘অত্যন্ত নোংরা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও মন্তব্য করেন এনসিপির এই মুখপাত্র।