বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ সংকটে সাম্প্রতিক সময়ে মানুষের ভোগান্তির কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চলমান বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিনের ভুল নীতির কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। এর সঙ্গে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকট নতুন করে জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি করেছে। সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যে সংকট শুরু হওয়ায় এর প্রভাব দেশের জ্বালানি ব্যবস্থায় পড়েছে বলেও জানান তিনি।
দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় ১২ হাজার মেগাওয়াট উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন প্রায় ১ হাজার ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। অথচ দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজি মিলিয়ে বর্তমানে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় পুরো গ্যাস সরবরাহ করতে হলে শিল্পকারখানায় গ্যাস দেওয়া বন্ধ করতে হবে এবং আবাসিক গ্রাহকদের সংযোগেও প্রভাব পড়বে। তাই শিল্প, বিদ্যুৎ ও গৃহস্থালি—এই তিন খাতের মধ্যে গ্যাস সরবরাহে ভারসাম্য রাখতে হচ্ছে।
চলমান সংকটের অন্যতম কারণ হিসেবে কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ থাকার বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, কারিগরি ত্রুটির কারণে পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৬১৬ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বন্ধ রয়েছে। একই ক্ষমতার মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটও রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে।
ভারতের আদানি গ্রুপের কাছ থেকেও চুক্তি অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে সংসদে জানান তিনি। চুক্তি অনুযায়ী ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা থাকলেও বর্তমানে দিনে প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যায় প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
এ ছাড়া আমদানি করা এলএনজি সরবরাহের জন্য ব্যবহৃত দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) ত্রুটির কবলে পড়ায় জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছিল। গত ২১ জুলাই একটি এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ার পর সেটি মেরামতে প্রায় ২২ দিন সময় লাগে। এর সরাসরি প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদনে।
তবে সংকটের প্রায় ৮৮ শতাংশ সমাধান করা হয়েছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। পরিস্থিতি আরও স্বাভাবিক করতে পায়রা ও মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট দ্রুত চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, আগামী গ্রীষ্মের সংকট মোকাবিলায় রুফটপ সোলারসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের নতুন রুফটপ সোলার নীতির কারণে আগামী গ্রীষ্মে বর্তমান সময়ের মতো মানুষকে ভোগান্তিতে পড়তে হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সংসদ সদস্যদের উদ্বেগকে স্বাভাবিক উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের প্রতিনিধিদের কাছে প্রকৃত পরিস্থিতি তুলে ধরা এবং এ খাত নিয়ে থাকা ভুল-বোঝাবুঝি দূর করতে সরকার কাজ করবে।