ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে সৌদি বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ২

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি আরবের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় দুই নাবিক নিহত হয়েছেন। নিহত দুজনই ফিলিপাইনের নাগরিক। এ ঘটনার জন্য ইরানকে সরাসরি দায়ী করেছে সৌদি আরব।

বুধবার (২ সেপ্টেম্বর) সৌদি জাতীয় শিপিং কোম্পানি বাহরি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। কোম্পানিটি জানায়, তাদের মালিকানাধীন ‘সিডর’ নামের জাহাজটি গত সোমবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় আকস্মিক হামলার শিকার হয়। এতে জাহাজের দুই নাবিক প্রাণ হারান।

একই দিন হরমুজ প্রণালিতে চলাচলরত একটি তেলবাহী ট্যাংকারেও হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ট্যাংকারটিতে তিনটি অজ্ঞাত বস্তু আঘাত হানে।

ঘটনার পর হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজের ওপর ইরান কঠোর নজরদারি চালাচ্ছে। দেশটির অনুমতি ছাড়া ওই জলপথে চলাচলকারী জাহাজগুলোকে নিয়মিত হুমকিও দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।