ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়িয়ায় এক রাতেই নষ্ট কৃষকের বেগুনখেত, ক্ষতি ১২ লাখ

এক রাতেই শেষ হয়ে গেল কৃষকের কয়েক মাসের শ্রম ও বিনিয়োগ। শরীয়তপুরের নড়িয়া উপজেলার হাওলাদার কান্দি গ্রামে এক কৃষকের এক বিঘা জমির বেগুনগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষক ইব্রাহীম খাজু।
সোমবার রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরদিন সকালে খেতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান তিনি। পুরো খেত নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক।
ইব্রাহীম খাজু জানান, এক বিঘা জমিতে বেগুন চাষ করতে তিনি দীর্ঘদিন ধরে শ্রম দিয়েছেন এবং বিপুল অর্থ ব্যয় করেছেন। নিয়মিত পরিচর্যায় গাছগুলোও ভালোভাবে বেড়ে উঠেছিল। ফলন পাওয়ার সময় ঘনিয়ে আসায় ফসল বিক্রি করে লাভের প্রত্যাশা করেছিলেন তিনি।
কিন্তু সোমবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা খেতে ঢোকে। পরে ধারালো অস্ত্র দিয়ে বেগুনগাছগুলো কেটে ফেলে। সকালে ঘটনাটি দেখতে পেয়ে হতভম্ব হয়ে যান কৃষক।
ইব্রাহীম খাজু বলেন, ‘অনেক আশা নিয়ে বেগুনের আবাদ করেছিলাম। গাছগুলো ভালো হয়েছিল। ফসল বিক্রি করে সংসারে কিছুটা স্বস্তি আসবে ভেবেছিলাম। কিন্তু রাতের আঁধারে কে বা কারা সব গাছ কেটে দিয়েছে। এতে আমি বড় ক্ষতির মধ্যে পড়ে গেছি।’
কৃষকের দাবি, খেতের গাছ কেটে ফেলায় তাঁর প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে ক্ষতির খবর পেয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় যুবক কামরুল হাসান সজিবসহ স্থানীয় কয়েকজন। কামরুল হাসান সজিব ইব্রাহীম খাজুকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা করেন।
কামরুল হাসান সজিব বলেন, ‘কৃষকের ফসলের সঙ্গে তাঁর অনেক পরিশ্রম ও পরিবারের আশা জড়িয়ে থাকে। এভাবে একটি খেত নষ্ট করে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাই ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের ভাষ্য, কৃষকের ফসল নষ্ট করার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার পেছনে কারা রয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
স্থানীয়রা দ্রুত ঘটনার তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি বা প্রশাসনিকভাবে সহায়তার উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।