ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ছাদে উঠে রক্ষা ১৭ জনের; আহত ৫

শরীয়তপুর সদর উপজেলায় একটি ছয়তলা আবাসিক হোটেলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন থেকে বাঁচতে ভবনের ছাদে আশ্রয় নেওয়া ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আগুনে নিচতলার পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে নুর হোটেল ইন্টারন্যাশনালের ভবনে আগুন লাগে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, হোটেলের নিচতলার পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রথমে গাড়িটির একটি চাকা বিস্ফোরিত হয়। কিছুক্ষণ পর গাড়িতে থাকা সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে আগুন দ্রুত পার্কিং এলাকা থেকে ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।

আগুন ছড়িয়ে পড়ার সময় হোটেলের ভেতরে ১৭ জন অবস্থান করছিলেন। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে তারা নিরাপদে বের হওয়ার জন্য ভবনের ছাদে উঠে যান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর ছাদে আটকে থাকা ১৭ জনকেই নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, রাত দেড়টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। নিচের পার্কিংয়ে তীব্র আগুন জ্বলছিল এবং আগুনের কারণে প্রথম দিকে ভবনের ওপরের অংশে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। পরে আগুন নিয়ন্ত্রণে এনে ছাদে থাকা ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে পাঁচজন আহত হওয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পালং মডেল থানার এসআই সুধাংশু সরকার জানান, বেতারে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ভবনের ওপর থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।

আগুনে পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।