ফরিদপুরের মধুখালীতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. জুয়েল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটির অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলা সদরের শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি ‘পূর্বাশা পরিবহন’ বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের বাসটি মধুখালীর শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ময়দাবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ট্রাকটি মাগুরার দিকে যাচ্ছিল।
করিমপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আবদুস সালাম জানান, ট্রাকটির একটি চাকার টিউব ফেটে যাওয়ায় চালক সেটি পরিবর্তনের জন্য মহাসড়কের ওপর ট্রাকটি দাঁড় করিয়েছিলেন। এ সময় বাসটি ট্রাকটিকে ধাক্কা দিলে ইঞ্জিন কভারের ওপর বসে থাকা সুপারভাইজার জুয়েল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করেছে। পরে জুয়েলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।