ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা বদলি ঢাকায়

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মন্তব্যে আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই আদেশে সংস্থাটির আরও কয়েকজন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে গত ৩১ আগস্ট জারি করা প্রজ্ঞাপনে বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

আদেশ অনুযায়ী, বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে একই পদে ঢাকা বিভাগীয় কার্যালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে একই পদে বদলি করা হয়েছে। ফলে চট্টগ্রামে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

বিআরটিএর সেবার মান ও বিভিন্ন অনিয়ম নিয়ে এক পরিদর্শনের সময় মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদেরের করা মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই সময় তিনি বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ এরপর থেকেই মাসুদ আলম দেশজুড়ে পরিচিত হয়ে ওঠেন।