ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ছয় চীনা-তাইওয়ানিজ গ্রেপ্তার, আরও ২৫০-৩০০ জনকে খুঁজছে পুলিশ

কক্সবাজারে অনলাইনে আর্থিক প্রতারণার অভিযোগে চীনা ও তাইওয়ানি নাগরিকদের একটি বড় দলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তারের পর আরও অনেককে খুঁজছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ছয়জনসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ চীনা ও তাইওয়ানি নাগরিককে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের হোটেল সি-প্যালেস থেকে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রামু থানার ওসি এ কে ফজুল হক।

পুলিশের ভাষ্য, গত ২৬ আগস্ট রামুর হিমছড়ির একটি রিসোর্টে অভিযান চালানোর খবর পেয়ে ওই দলের অনেক সদস্য সেখান থেকে সরে বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছেন। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, চীনা ও তাইওয়ানি নাগরিকদের অনেকেই ভিসা অন অ্যারাইভালের মাধ্যমে গত ১ মার্চ থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশে প্রবেশ করেন। গোয়েন্দা তথ্য বলছে, এপ্রিল থেকে তারা কক্সবাজারের কয়েকটি রিসোর্ট ভাড়া নেওয়া শুরু করেন।

ওসি ফজুল হক বলেন, এখন পর্যন্ত পুরো দলের ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশের তৎপরতা টের পেয়ে অন্যরা বিচ্ছিন্নভাবে পালিয়ে কক্সবাজার শহরের বিভিন্ন হোটেলে অবস্থান নিয়েছেন। তাদের ধরতে অভিযান চলছে।

কক্সবাজার শহরের অন্তত তিনটি হোটেলে সাম্প্রতিক সময়ে চীনা নাগরিকদের দলবদ্ধভাবে অবস্থানের তথ্য পাওয়া গেছে। সুগন্ধা এলাকার হোটেল রয়েল পার্ল কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক মাসে সেখানে অন্তত ২০ জন চীনা নাগরিক ছিলেন। এর মধ্যে সাতজনের একটি দল ২৭ আগস্ট হোটেলে ওঠে এবং ১ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করে।

সুগন্ধার কাছাকাছি হোটেল স্যান্ড সিটির কর্তৃপক্ষ জানায়, ২৫ আগস্ট প্রায় ২০ জনের একটি দল সেখানে যায়। এক রাত থাকার পর তারা আরও সময় থাকার আগ্রহ দেখালেও পূর্বনির্ধারিত বুকিং থাকায় হোটেল কর্তৃপক্ষ তাদের রাখতে পারেনি।

অন্যদিকে হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ আগস্ট সেখানে চীনা নাগরিকদের একটি দল ওঠে। ওই দলের ছয় সদস্যকেই বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য থেকে আগস্টের শেষ সপ্তাহে কক্সবাজারের বিভিন্ন হোটেলে চীনা নাগরিকদের একাধিক দলের যাতায়াতের বিষয়টি সামনে এসেছে। তবে এসব হোটেলে থাকা প্রত্যেকেই একই অপরাধের সঙ্গে জড়িত কি না, তা এখনও নিশ্চিত নয়।

পুলিশ জানিয়েছে, রামুর হিমছড়ি এবং উখিয়ার ইনানী-মেরিন ড্রাইভ এলাকার কয়েকটি রিসোর্ট ও আবাসিক স্থাপনায় প্রায় ২৫০ থেকে ৩০০ চীনা ও তাইওয়ানি নাগরিক অবস্থান করছিলেন। তাদের কয়েকজন দীর্ঘদিন রিসোর্ট ভাড়া নিয়ে সেখানকার ব্যবস্থাপনার নিয়ন্ত্রণও নিয়েছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, হিমছড়ির মেরিনা বিচ ভিলা রিসোর্টের একটি বড় হলরুমকে কম্পিউটার ল্যাবে রূপ দেওয়া হয়েছিল। সেখানে একটি সাউন্ডপ্রুফ কক্ষও তৈরি করা হয়। ওই স্থানে বিপুলসংখ্যক আইফোন, কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হচ্ছিল।

২৬ আগস্ট পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা রিসোর্টটিতে অভিযান চালালে কয়েকজন চীনা ও তাইওয়ানি নাগরিক পেছনের খোলা সৈকত দিয়ে পালিয়ে যান বলে পুলিশের দাবি।

অভিযানে রিসোর্টের একটি অবরুদ্ধ হলরুম থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৫০টি মনিটর, ৪৪টি সিপিইউ, ৩০টি কিবোর্ড, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, ৪০টি মাউস, একটি আইপিএস ও ২৪টি কানেকশন বোর্ডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ছাড়া চীনা পুলিশের র‍্যাংক ব্যাজ, পুলিশ লোগোযুক্ত টাই এবং চীনের জাতীয় পতাকাও পাওয়া যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযান শেষে চীনা দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধিদল মেরিনা বিচ ভিলা রিসোর্ট পরিদর্শন করে।

তদন্তসংশ্লিষ্ট নথিতে ওই দলের বিরুদ্ধে অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণার অভিযোগের কথা বলা হয়েছে। পুলিশের সন্দেহ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি, ভুয়া প্রোফাইল এবং ক্লোন বা নকল ট্রেডিং প্ল্যাটফর্মের লোগো ব্যবহার করে প্রতারণা চালানো হতে পারে।

তবে কীভাবে এই প্রতারণা পরিচালিত হয়েছে, কারা এতে জড়িত এবং কত অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ। ঘটনাস্থল থেকে জব্দ করা আলামতের ফরেনসিক পরীক্ষা প্রয়োজন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ আরও দাবি করেছে, দলের কিছু সদস্য বাংলাদেশে নির্মাণ কোম্পানি প্রতিষ্ঠার কথা বলে রিসোর্ট ভাড়া নিয়েছিলেন। তবে তাদের দেওয়া তথ্য যাচাই করে ওই নামে কোনো নির্মাণ প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি।

মামলায় গ্রেপ্তার ছয়জনের বাইরে ঝান ইউয়ান ফান ওরফে বাবর আলী, পাই লেডিং, উ ঝিপিং ও জিয়ান ঝাং নামে আরও চারজনকে পলাতক আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।