দুপুরে রান্নার প্রস্তুতি নিতে রান্নাঘরে ঢুকেছিলেন রোকেয়া বেগম (৪০)। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। একই সঙ্গে উড়ে যায় রান্নাঘরের টিনের চালা, ক্ষতিগ্রস্ত হয় পাশের দুটি বসতঘর।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রোকেয়া বেগম ফারুক ছৈয়ালের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে রোকেয়া রান্নাঘরে প্রবেশ করেন। সেখানে আগে থেকে রাখা ককটেলগুলো বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।
পরে তাঁকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, রান্নাঘরে বিপুল পরিমাণ ককটেল মজুত ছিল। বিস্ফোরণের ধাক্কায় রান্নাঘরের টিনের চালা উড়ে গিয়ে বাঁশবাগানের মধ্যে পড়ে। এ ছাড়া সামাদ ছৈয়াল ও হাকিম ছৈয়ালের দুটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। মুলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য তমিজ খাঁর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের কথা স্থানীয়ভাবে আলোচিত।
এর আগে গত ১০ আগস্ট সন্ধ্যায় একই এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ওই সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার কথা জানা যায়। পরে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত ৭০ বছর বয়সী মান্নান সরদারের মৃত্যু হয়। ওই ঘটনার পর একটি মামলা হয়েছে, যা বর্তমানে চলমান।
স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, শনিবার যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেই বাড়ির মালিক ফারুক ছৈয়াল রেজাউল শিকদারের রাজনৈতিক ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত। তবে এ বিষয়ে রেজাউল শিকদার সরাসরি সমর্থনের বিষয়টি অস্বীকার করেছেন।
রেজাউল শিকদার বলেন, “আমি রাজনীতি করি। ফারুক আমার কোনো মিছিল-মিটিংয়ে যেতে পারেন। আবার তিনি অন্য ইউনিয়নের বাসিন্দা হওয়ায় সেখানকার বিএনপির কর্মসূচিতেও অংশ নিতে পারেন। তবে তিনি সরাসরি আমার সমর্থক—এমনটা নয়। আমি বর্তমানে ঢাকায় আছি। তাই বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না।”
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, “রোকেয়া বেগমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর শরীরে বিস্ফোরণে আঘাত পাওয়ার চিহ্ন ছিল। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”
জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, “রান্নাঘরে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বিপুল পরিমাণ ককটেল মজুত থাকার বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণে রান্নাঘরের চালা উড়ে গেছে এবং একজন আহত হয়েছেন। ককটেলগুলো কারা, কীভাবে সেখানে রেখেছিল—তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং রান্নাঘরে বিপুল পরিমাণ ককটেল কীভাবে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।