ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকটে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

দেশে চলমান জ্বালানি সংকটে সাধারণ মানুষের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকটই দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি এবং তা মোকাবিলায় সরকার প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার ও অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন সমস্যা নিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে সবাইকে নিজেদের সীমারেখা মেনে চলার আহ্বান জানান তিনি।

বিএনপি আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিল, গোপনে কোনো কর্মকাণ্ড পরিচালনা করেনি বলেও মন্তব্য করেন দলটির চেয়ারম্যান। তার দাবি, স্বৈরাচারের সময় একটি রাজনৈতিক গোষ্ঠী আড়ালে অবস্থান করেছিল, যারা এখন প্রকাশ্যে এসে নিজেদের পরিচয় দিচ্ছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ওই গোষ্ঠীর মধ্যেই স্বৈরাচারী শক্তির কেউ লুকিয়ে থেকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে। কারা কাকে আড়াল করছে, তা জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের মানুষের জন্য একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। জনগণের দুর্ভোগ যেন আরও না বাড়ে, সে জন্য দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।