যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও একটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে মার্কিন সামরিক বাহিনী বলছে, দুটি যুদ্ধজাহাজই হামলা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে এবং এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা দুটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানি বাহিনীর দাবি, জাহাজ দুটি ইরানি নৌযানকে অনুসরণ করছিল এবং সামুদ্রিক অবরোধ কার্যক্রমে অংশ নিয়েছিল। হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর মার্কিন যুদ্ধজাহাজ দুটি ওই এলাকা ছেড়ে যায় বলেও দাবি করা হয়েছে।
আইআরজিসি আরও দাবি করেছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আঞ্চলিক জলসীমায় টহলরত দুটি মার্কিন নৌযানকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে।
তবে সেন্টকমের বক্তব্য অনুযায়ী, ইরান দুটি মার্কিন নৌযান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। মার্কিন বাহিনীর দাবি, উভয় যুদ্ধজাহাজই সফলভাবে হামলা এড়িয়ে যায় এবং কোনো মার্কিন সেনা আহত বা নিহত হননি।
এর আগে শনিবার আইআরজিসি নৌবাহিনী হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার এবং অন্য একটি এলাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি নৌযানে হামলার দাবি করে। ইরানের ভাষ্য, দেশটির একটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে।
অন্যদিকে সেন্টকম জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন বাহিনী তিনটি ইরানি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।
দুই দেশের পাল্টাপাল্টি হামলায় উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে।