ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধের বিস্তারে ‘আরেক মোহাম্মদপুর’ হওয়ার শঙ্কা পল্লবীতে

রাজধানীর একসময়কার শান্ত আবাসিক এলাকা পল্লবীতে সাম্প্রতিক সময়ে অপরাধের নানা ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মাদক কারবার, অস্ত্রের প্রকাশ্য ব্যবহার, ছিনতাই, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের পাশাপাশি খুনের ঘটনাও ঘটছে। ফলে প্রায় সাড়ে চার লাখ মানুষের এই জনপদকে ঘিরে ‘আরেক মোহাম্মদপুর’ হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

সাম্প্রতিক কয়েক মাসের ঘটনা পর্যালোচনায় দেখা যায়, পল্লবীতে অপরাধের সঙ্গে মাদক, অর্থ, অস্ত্র ও আধিপত্য বিস্তারের যোগসূত্র বারবার সামনে আসছে। গত ১ সেপ্টেম্বর রাতে মিরপুর বাংলা স্কুলের কাছে সন্দেহজনক একটি অটোরিকশা থামিয়ে অর্ক নামে এক কিশোরকে জিম্মি অবস্থায় উদ্ধার করে পল্লবী ট্রাফিক পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ রাব্বি (১৯) আটক হলেও তার তিন সহযোগী পালিয়ে যায়।

এর আগে গত ৭ আগস্ট মিল্লাত ক্যাম্প এলাকায় গুলির ঘটনায় এক নারীসহ দুজন আহত হন। ওই ঘটনায় ডিবি ‘ল্যাংড়া রুবেল’সহ পাঁচজনকে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্য, মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। অভিযানে পিস্তল, গুলি, ম্যাগাজিন, এক হাজার ইয়াবা ও দুটি গাড়ি উদ্ধারের কথাও জানায় পুলিশ।

পল্লবীতে সহিংসতার চিত্র অবশ্য নতুন নয়। গত ১৭ এপ্রিল ১২ নম্বর সেকশনের ডি ব্লকের একটি বাসা থেকে প্রবীণ স্কুলশিক্ষিকা ফিরোজা খানম জোছনার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। মাথায় ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন ছিল। এর এক মাসেরও কম সময় পর ১৯ মে ১১ নম্বর সেকশনের বি ব্লকে আট বছর বয়সী রামিসা আক্তারকে যৌন নির্যাতনের পর গলা কেটে হত্যার অভিযোগ ওঠে। তদন্তে প্রতিবেশী সোহেল রানার নাম আসে এবং তাকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ২০২৫ সালের ১৭ নভেম্বর সন্ধ্যায় পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনাও ঘটে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও অস্ত্রের মহড়াও বেড়েছে। গত ২৫ মে বাউনিয়াবাদে বাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয় বলে স্বজনদের অভিযোগ। জুনে ১২ নম্বর সেকশনের এভিনিউ-৫ এলাকায় ‘ল্যাংড়া রুবেল’ ও ‘টান আকাশ’ গ্রুপের মধ্যে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হৃদয় ওরফে গন্ডার গুলিবিদ্ধ হন এবং আবদুল্লাহ নামে এক তরুণকে অপহরণের অভিযোগ ওঠে।

পরবর্তীতে ১৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি আকাশ ওরফে ‘টান আকাশ’কে সাভারের হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। একই সময়ে বিহারি পল্লিতে অভিযান চালিয়ে সাত হাজার ইয়াবাসহ সাদ্দাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে সিটিটিসি।

৭ আগস্ট মিল্লাত ক্যাম্পে বিএনপি নেতা আলমগীর হোসেনকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও আলোচনায় আসে। এতে আলমগীরের মাথা ও পিঠে গুলি লাগে। পাশে থাকা জ্যোৎস্না নামে এক নারীও গুলিবিদ্ধ হন। তিন দিন পর সাভার, গাজীপুর ও কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ‘ল্যাংড়া রুবেল’সহ পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, দুটি ম্যাগাজিন ও এক হাজার ইয়াবা উদ্ধারের কথা জানানো হয়। ডিবির তদন্ত অনুযায়ী, মাদকের ১৫ লাখ টাকা ভাগাভাগি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই হামলা হয়েছিল।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, একসময় চুরি-ছিনতাইয়ের মাধ্যমে অপরাধে জড়ানো রুবেল পরে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি হন। কয়েক বছর আগে ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে তার এক পা ক্ষতিগ্রস্ত হয়। এরপর অটোরিকশা চালালেও সেটিকে অপরাধ আড়ালের কৌশল হিসেবে ব্যবহার করার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার প্রভাব বাড়ে বলে স্থানীয় অনুসন্ধানে দাবি করা হয়েছে।

তার ভাই বাপ্পা মাদকচক্রের ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। পল্লবীর ৩৯টি বিহারি ক্যাম্প, বাউনিয়া বাঁধ, কাফরুল ও মিরপুর ১০-১১ এলাকার দুই শতাধিক গোপন স্পটে ইয়াবা, হেরোইন ও গাঁজার সরবরাহ ছিল বলে স্থানীয় সূত্রের দাবি। অটোরিকশা থেকে বিলাসবহুল গাড়িতে ওঠা এবং ভারী অস্ত্র বহনের মাধ্যমে রুবেল এলাকায় প্রভাব বিস্তার করেন বলেও অভিযোগ রয়েছে।

পল্লবীর অপরাধচিত্রে কিশোর গ্যাংয়ের উপস্থিতিও বড় উদ্বেগের কারণ। ডিএমপির সর্বশেষ তালিকা অনুযায়ী, ঢাকার ৫০টি থানায় সক্রিয় কিশোর গ্যাংয়ের সংখ্যা ১১৮টি। এর মধ্যে মিরপুর বিভাগের সাত থানায় রয়েছে ৩২টি গ্রুপ, যার ১৪টিই পল্লবী এলাকায়।

গত ১৭ জুন আলোচিত ‘ভইরা দে’ গ্রুপের সদস্য শিশির আহম্মেদ ইমন, আবদুল্লাহ ও আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে পারভেজসহ আরও কয়েকজন আটক হলে ওই গ্রুপের মোট ১০ সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র প্রদর্শনের ভিডিও প্রকাশ করে তারা আতঙ্ক সৃষ্টি করত বলে অভিযোগ রয়েছে।

৪ জুলাই বাউনিয়াবাদ থেকে ১০ মামলার আসামি মুন্না ওরফে ‘রেড মুন্না’কে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এরপর ৫ ও ৬ জুলাই ‘ভইরা দে’ গ্রুপের পারভেজসহ আরও ছয় সদস্যকে আটক করা হয়।

কালশী মোড়, মিরপুর-১০ ও মিরপুর-১২ এলাকাতেও ছিনতাইয়ের ঘটনা নিয়মিত ঘটছে বলে অভিযোগ রয়েছে। জুন ও জুলাইয়ে ট্রাফিক পুলিশের অভিযানে কয়েকজন ছিনতাইকারী হাতেনাতে ধরা পড়ে। সর্বশেষ ১ সেপ্টেম্বর রাতে মেট্রোরেলের ২২২ নম্বর পিলারের কাছে এক কিশোরকে জিম্মি অবস্থায় উদ্ধারের পাশাপাশি রাব্বি নামে একজনকে আটক করে পল্লবী ট্রাফিক পুলিশ।

চাঁদাবাজির অভিযোগও কম নয়। গত ২২ জুলাই বাউনিয়াবাদ মসজিদ মার্কেট এলাকায় রামদা-চাপাতি নিয়ে দোকানে হামলা চালিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। বাড়ি নির্মাণ ও জমি কেনাবেচার ক্ষেত্রেও বড় অঙ্কের চাঁদা দাবি করা হয় বলে স্থানীয়দের অভিযোগ।

মাদককেন্দ্রিক বিরোধে প্রাণহানির ঘটনাও ঘটেছে। বিহারি ক্যাম্পের ৩ নম্বর লাইনে মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে ‘পেপার সানি’কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে। আবার লালমাটি টেম্পোস্ট্যান্ডে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে জানালার পাশে থাকা গৃহবধূ আয়েশা আক্তার নিহত হন। গ্যাং-সংঘাত ও চাঁদার ভাগাভাগির বিরোধে ফয়সাল ও পাভেল নামে আরও দুই তরুণের প্রাণ গেছে বলে জানা গেছে।

ডিএমপি সদর দপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, পল্লবী থানার আওতায় মাদকের ১৭টি স্পট চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় ১৭ জনকে প্রধান ডিলার হিসেবে শনাক্ত করা হয়েছে, যাদের অধীনে শতাধিক খুচরা বিক্রেতা কাজ করে বলে পুলিশের তথ্য। ১১ নম্বর সেকশনের মিল্লাত ক্যাম্প ও বি ব্লকে রাজিয়া খাতুন ও নাটা জুম্মন, বাউনিয়া বাঁধ ও এ ব্লকে ফাতেমা বেগম ওরফে ফতেহ, ১১ নম্বর সেকশনের ডি ব্লক ও এডিসি ক্যাম্পে ল্যাংড়া রুবেল ও শাহজামান ওরফে সাবুসহ আরও কয়েকজনের নাম তালিকায় রয়েছে।

১২ নম্বর সেকশনের পূর্ব কুর্মিটোলা ও শাহ পরান বস্তি এলাকায় শাহনাজ, হালিমা ওরফে নাজ খাতুন ও রুমার নামও পুলিশের তালিকায় রয়েছে। এ ছাড়া বিভিন্ন স্পটে লাভলি বেগম, নাদিম, জুম্মন, বট রনি, রজনী আক্তার, শারমিন, শাহিনুর, বিনা সুন্দরী ও আফসানা ওরফে পুতুলের নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, মিল্লাত ক্যাম্পের সরু গলিতে বিকেলের পর মাদকের বেচাকেনা জমে ওঠে। কালশী মোড়ের ফুটপাতেও সাধারণ মানুষের ভিড়ের মধ্যে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। মে মাসে বিশেষ অভিযানে দুই দফায় ৫২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হলেও তাদের কেউ কেউ জামিনে বের হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

গত ২৯ আগস্ট বিহারি ক্যাম্পে লাশ গোসলের ঘর নির্মাণ ও পানির পাম্প বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা পাওয়ার কথাও জানা যায়। যদিও ঘটনাটি মাদকচক্রের দ্বন্দ্বের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে উল্লেখ করা হয়েছে, তবে ছোটখাটো বিরোধও দ্রুত সহিংসতায় রূপ নেওয়ার প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

অপরাধের ধরন ও বিস্তারের দিক থেকে পল্লবীর সঙ্গে মোহাম্মদপুরের তুলনা করছেন সংশ্লিষ্টরা। খুন, মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারের অভিযোগ—দুই এলাকাতেই এসব বিষয় বারবার সামনে আসছে। ডিএমপির তালিকায় মোহাম্মদপুরে ১৬টি এবং পল্লবীতে ১৪টি কিশোর গ্যাং থাকার তথ্যও সেই তুলনাকে জোরালো করছে।

এলাকাবাসীর দাবি, প্রায় সাড়ে চার লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিচ্ছিন্ন অভিযান বা কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করাই যথেষ্ট নয়। তাদের মতে, মাদকের স্পট ও অবৈধ অস্ত্রের উৎস চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও সমন্বিত অভিযান চালানো প্রয়োজন।

অবসরপ্রাপ্ত লে. কর্নেল দিদারুল আলমের বিশ্লেষণ, পল্লবীর পরিস্থিতিতে অপরাধের তিনটি স্তর স্পষ্ট। একদিকে মাদক ও চাঁদাবাজির মাধ্যমে অর্থের জোগান, অন্যদিকে কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুপের সাংগঠনিক কাঠামো; আর তৃতীয় দিকে অস্ত্র, ভয়ভীতি, ছিনতাই ও প্রকাশ্য সহিংসতার মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠা। তার মতে, এসব উপাদান একই এলাকায় বারবার দেখা গেলে ঘটনাগুলোকে আলাদা আলাদা অপরাধ হিসেবে দেখলে সামগ্রিক চিত্রটি বোঝা কঠিন। শুধু গ্রেপ্তার নয়, অপরাধের অর্থের উৎস ও নেটওয়ার্ক ভেঙে দেওয়া জরুরি।

পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক শাহাদাত হোসাইন বলেন, রাজধানীর যেসব এলাকায় অপরাধ ঘটছে, সেসব স্থানে নিয়মিত অভিযান চলছে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। অপরাধ করে কেউ ছাড় পাবে না বলেও জানান তিনি।