ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুর জাতীয় সিরাত সেমিনার ও ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ‘জাতীয় সিরাত সেমিনার ও ডাকসু ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা-২০২৬’-এর সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

কুরআন, হাদিস ও সিরাত—তিনটি বিভাগে প্রতিযোগিতায় বিজয়ী ৩০ শিক্ষার্থীর মধ্যে মোট দেড় লাখ টাকা নগদ পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের অতিথি ও আলোচকরা বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেন।

সেমিনারে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কবি, সাহিত্যিক ও গবেষক শায়খ মুসা আল হাফিজ, মসজিদুত তাকওয়ার খতিব হাফেজ মুফতি সাইফুল ইসলাম, সাবিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর মো. মোখতার আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক।

আলোচকরা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ কেবল ধর্মীয় অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যক্তি ও সামাজিক জীবনে ন্যায়, সাম্য, মানবিকতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার ক্ষেত্রেও তাঁর জীবন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের ওপরও তারা গুরুত্ব দেন।

সভাপতির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের স্থান নয়, বরং জ্ঞান, সংস্কৃতি, মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের দায়িত্বও রয়েছে।

তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে তা ব্যক্তি ও সমাজজীবনে প্রয়োগের চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে ডাকসু বিভিন্ন সৃজনশীল ও জ্ঞানভিত্তিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডাকসু কার্যনির্বাহী সদস্য ও জাতীয় সিরাত প্রতিযোগিতার কনভেনর হাফেজ তাজিনুর রহমান। তিনি বলেন, পবিত্র কোরআন, হাদিস ও সিরাতের শিক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই ট্যালেন্ট হান্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নৈতিক মূল্যবোধসম্পন্ন তরুণদের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ফজলে রাব্বী সরকার। এ সময় ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইকবাল হায়দার, ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক জসিম উদ্দীন খানসহ ডাকসু ও বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।