বিগত সরকারের সময়ে দেশের শিক্ষকরা নানা বৈষম্য, অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার যোগ্যতার ভিত্তিতে তাদের যথাযথ মূল্যায়নের উদ্যোগ নিয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আগের সময়ে শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য ছিল। জাতীয় পর্যায়ে বছরে মাত্র ১২ জন শিক্ষককে নামমাত্র সম্মাননা দেওয়া হতো। এই পরিস্থিতি পরিবর্তন করে স্বচ্ছ ও নির্দিষ্ট নীতিমালার আওতায় প্রকৃত মেধাবী ও যোগ্য শিক্ষকদের সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি জানান, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন কৃতী শিক্ষককে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে।
শিক্ষকদের পেশাগত মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ঠেকাতে শিক্ষকদের জন্য আধুনিক ও কার্যকর আচরণবিধি বা পৃথক নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতার অর্থ পেতে দীর্ঘদিনের জটিলতা ও হয়রানি দূর করাকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে মন্ত্রণালয় কাজ করছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেন, সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের সামগ্রিক সুবিধার আওতায় আসবেন। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হলে এ বিষয়ে বিস্তারিত বিষয়গুলো স্পষ্ট হবে।