ইতালির মেস্ট্রে এলাকায় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বাঁধন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওবার্তায় ঘটনার বর্ণনা দেন তিনি। একই সঙ্গে কয়েকটি ভিডিও ক্লিপও শেয়ার করেন, যেখানে কয়েকজন ব্যক্তিকে তার সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায় বলে দাবি করা হয়েছে।
বাঁধনের ভাষ্য, ভাইয়ের পরিবারকে নিয়ে স্থানীয় একটি পার্কে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর চড়াও হন। এ সময় তার মোবাইল ফোন ছুড়ে ফেলা হয়। ঘটনাস্থলে তার ভাইয়ের শিশুসন্তানও উপস্থিত ছিল বলে জানান তিনি।
অভিনেত্রীর অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করেন এবং পুরো ঘটনাটি ভিডিও করেন। তাকে গালাগাল করার পাশাপাশি ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়েও হামলা চালানো হয় বলে দাবি করেন বাঁধন।
ভিডিওবার্তায় বাঁধন বলেন, ভেনিস উৎসবে তিনি যে সিনেমাটি নিয়ে গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করছেন—এ কারণেই তার প্রতি এমন আচরণ করা হয়েছে বলে ইঙ্গিত দেন অভিনেত্রী।
বাঁধন আরও বলেন, হামলায় তার শরীরে আঘাত করা হয়েছে এবং তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। এমন ঘটনায় তিনি ভেঙে পড়বেন না বলেও জানান। তার ভাষায়, বিশ্বের সামনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তার ঘটনা তুলে ধরা হয়েছে।
এ সময় বিষয়টি সজীব ওয়াজেদ জয়ের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও করেন বাঁধন। তিনি জানান, জয়েরও ভেনিসে অবস্থান করার কথা রয়েছে।