শরীয়তপুরের গোসাইরহাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশিকুর রহমান জয়কে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধীপুর গ্রামে অভিযান চালিয়ে আশিকুর রহমান জয়কে আটক করা হয়। পরে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আশিক উপজেলার ধীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৬ জুন বিকাল সোয়া ৪টার দিকে কুচাইপট্টি ইউনিয়নের চর মাইজারী এলাকায় নিষিদ্ধ সংগঠনের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী মিছিল ও সমাবেশ করেন। ওই কর্মসূচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
গোসাইরহাট থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলাটি করা হয়েছে। অভিযানের মাধ্যমে আশিকুর রহমান জয়কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।