যুক্তরাষ্ট্রের একটি জাহাজের বিরুদ্ধে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে তৈরি ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দাবি করেছে ইরান। একই সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও ইউরোপীয় দেশগুলোকেও পালটা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি ও বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার মোহসেন রেজায়ী বলেন, প্রায় ৪৮ ঘণ্টা আগে প্রথমবারের মতো একটি মার্কিন জাহাজের বিরুদ্ধে ইরানের তৈরি ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। তার দাবি, ক্ষেপণাস্ত্রটির আঘাতের ভয়ে মার্কিন জাহাজটি সরে যায়। তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সরাসরি কোনো মন্তব্য করেনি।
এর আগে রোববার এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম ইরানের বিপ্লবী গার্ডকে সতর্ক করে জানায়, ইরান যদি দুটি মার্কিন জাহাজে হামলা চালায়, তাহলে তাদের ওপর আরও বড় অর্থনৈতিক মূল্য আরোপ করা হবে এবং তিনটি ইরানি জাহাজ ধ্বংস করা হতে পারে। মার্কিন বাহিনীকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়। এমনকি ইরানের সীমিত ও ঝুঁকিপূর্ণ তেলবাহী জাহাজ বহর ধ্বংসের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এদিকে ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোর বিরুদ্ধেও সতর্কবার্তা দিয়েছেন রেজায়ী। তার ভাষ্য, এসব জাহাজকে ইরানের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। পাশাপাশি বিমা জটিলতা এবং ভবিষ্যতে চলাচলে বিভিন্ন ধরনের বাধার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে আইএইএতে ইউরোপীয় দেশগুলোর প্রস্তাবিত নতুন খসড়া প্রস্তাব অনুমোদিত হলে পালটা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইরান। ইউরোপীয় দেশগুলো ও আইএইএ হামলার শিকারসহ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের দাবি জানিয়ে আসছে। প্রস্তাবটি পাস হলে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানোর পথও তৈরি হতে পারে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো অন্য ক্ষেত্রে ব্যর্থ হলে পারমাণবিক ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তার দাবি, আইএইএর মহাপরিচালকও ইরানের ওপর রাজনৈতিক চাপ তৈরির সুযোগ করে দিচ্ছেন।
বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পর সেখানে আইএইএর পরিদর্শনের পথ কার্যত বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে ইরান, চীন ও রাশিয়ার অবস্থান সঠিক বলেও দাবি করেন তিনি।