শরীয়তপুরের গোসাইরহাট বাজারে যানজট কমানো, পথচারীদের চলাচল স্বাভাবিক করা এবং বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাজারের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকান, সামিয়ানা, ত্রিপলসহ বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এতে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতের বেশ কিছু অংশ দখলমুক্ত হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোসাইরহাট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। সঙ্গে ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম মোল্লা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোসাইরহাট থানা পুলিশ সহযোগিতা করে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে বাজারের প্রধান সড়ক ও ফুটপাতের বড় অংশে পণ্যসামগ্রী, অস্থায়ী দোকান, সামিয়ানা ও ত্রিপল দিয়ে দখল করে ব্যবসা চলছিল। ফলে ফুটপাত দিয়ে হাঁটা কঠিন হওয়ার পাশাপাশি সড়ক সংকুচিত হয়ে নিয়মিত যানজট তৈরি হতো। জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সেবাদানকারী যানবাহনের চলাচলও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল।
অভিযানকে স্বাগত জানিয়ে বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান আদি দেবনাথের কর্ণধার সমরেশ দেবনাথ বলেন, ২০২২ ও ২০২৪ সালে বাজারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখন ফুটপাতজুড়ে টানানো সামিয়ানা ও ত্রিপলের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে যেতে পারেনি। ফুটপাত দখলমুক্ত থাকলে জরুরি সময়ে উদ্ধারকারী যানবাহন সহজে চলাচল করতে পারবে বলে তিনি মনে করেন।
ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল বয়াতি বলেন, ফুটপাত দখলের কারণে মালবাহী গাড়ি চলাচলে সমস্যা হতো এবং পথচারীদেরও ভোগান্তি পোহাতে হতো। বাজারের প্রায় সব গলিতেই একই পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হবেন বলে মন্তব্য করেন তিনি।
ভ্যানচালক রাজিব বলেন, দোকানের মালামাল ও বিভিন্ন স্থাপনা দিয়ে রাস্তার অংশ দখল থাকায় সড়ক সংকুচিত হয়ে গিয়েছিল। ফলে ভ্যান নিয়ে চলাচলে কষ্ট হতো। অভিযানের পর রাস্তা কিছুটা প্রশস্ত হওয়ায় স্বস্তি ফিরেছে।
অভিযান শেষে শেখ নওশাদ হাসান জানান, গত ২৬ জুলাইয়ের একটি সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুও বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। জনস্বার্থের পাশাপাশি বাজারের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, বাজারকে নিরাপদ, সুশৃঙ্খল ও চলাচলের উপযোগী রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।