ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমান সরকার দেশকে অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়েও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। তার দাবি, এর পেছনে অন্যতম কারণ হলো সর্বত্র দুর্নীতির বিস্তার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, গত নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকলেও তারা ফলাফল মেনে নিয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘মনে হচ্ছে পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি আমরা।’
জামায়াতে ইসলামী প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, দলটি তাদের লোগো থেকে ‘আকিমুদ্দিন’ শব্দটি বাদ দেওয়ায় সেখানে ‘ইসলাম’ শব্দটিও আর নেই। তার মতে, এ কারণে জামায়াতকে ইসলামী দল বলা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। গত নির্বাচনের ইশতেহারেও তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা স্পষ্টভাবে বলেনি বলে দাবি করেন তিনি। একই সঙ্গে জামায়াতের আমির প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেছিলেন বলেও উল্লেখ করেন রেজাউল করীম।
বিদ্যুৎ ও অন্যান্য দাবিতে জামায়াতের লংমার্চ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রেজাউল করীম বলেন, লংমার্চ শেষে জামায়াতের আমির সংসদে বলেছেন, বিদ্যুৎ সংকট বর্তমান সরকারের তৈরি নয়। তাহলে এত তেল-গ্যাস ব্যয় করে লংমার্চ করার প্রয়োজন কেন হলো—এমন প্রশ্ন তুলে তিনি জামায়াতের অবস্থানকে ‘দ্বিমুখী আচরণ’ হিসেবে উল্লেখ করেন।
বিএনপির সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, নির্বাচনের আগে দলটি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না। কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রাখছে না বলে অভিযোগ করেন তিনি। সংসদে ইতোমধ্যে শরিয়াবিরোধী আইন অনুমোদন দেওয়া হয়েছে দাবি করে রেজাউল করীম বলেন, এসব আইন থেকে সরকার সরে না এলে তারা প্রতিবাদে নামতে বাধ্য হবেন।