কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক চালকবিহীন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে সামরিক ও গোয়েন্দা অভিযানের মাধ্যমে প্রায় ৩ টন ওজনের ডুবোযানটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় আইআরজিসির নৌবাহিনী।
আইআরজিসির তথ্য অনুযায়ী, আটক করা ড্রোনটি ‘ডাইভ-এলডি’ (Dive-LD) মডেলের একটি স্বয়ংক্রিয় সাবমেরিন। প্রায় ৫ দশমিক ৮ মিটার দীর্ঘ এই ডুবোযানটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ। গভীর সমুদ্রে দীর্ঘ সময় স্বয়ংক্রিয়ভাবে নজরদারি ও বিভিন্ন অভিযান পরিচালনার সক্ষমতা রয়েছে এটির।
আইআরজিসি জানায়, মঙ্গলবার সকালে তাদের নৌবাহিনীর সদস্যরা হরমুজ প্রণালিতে অভিযান চালিয়ে ড্রোনটি জব্দ করেন। তাদের দাবি, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই সাবমেরিনটি ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর বহরে যুক্ত করা হয়।
ইরানের দাবি, বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির প্রবেশমুখে নজরদারির কাজে ড্রোনটি মোতায়েন করা হয়েছিল। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।