ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে গিয়ে তিনি অভিযোগটি দায়ের করেন।
মামলা করার সময় প্রায় তিন ঘণ্টা থানায় অবস্থান করেন বাঁধন। ঘটনার সময় ধারণ করা ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের সবাইকে মামলায় অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এ সময় মিলান কনস্যুলেট অফিসের একটি প্রতিনিধি দলও থানায় উপস্থিত ছিল।
এর আগে মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাঁধন জানিয়েছিলেন, মামলা না করে তিনি ভেনিস ছাড়বেন না। সোমবারের ঘটনার পর ইতালির পুলিশ তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছিল বলেও জানান তিনি।
বর্তমানে ভেনিসেই অবস্থান করছেন এই অভিনেত্রী। সোমবার রাতে ইতালির ভেনিসে তাকে হামলা ও লাঞ্ছনার শিকার হতে হয় বলে অভিযোগ করেন বাঁধন।