ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

সরকারি নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হান্নান দাড়িয়ার বিরুদ্ধে প্রতিষ্ঠানের বেশ কিছু গাছ কাটার অভিযোগ উঠেছে।

তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবি, ইউএনওর মৌখিক নির্দেশনায় একটি গাছ কাটার জন্য তিনি প্রতিষ্ঠানের পুকুরের ইজারাদারকে গাছ কেটে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু ইজারাদার কীভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজাতির পাঁচটি গাছ কেটে ফেলেছেন, তা তিনি জানেন না। অন্যদিকে পুকুরের ইজারাদার সুরাত আলী সিকদার দাবি করেছেন, অধ্যক্ষের নির্দেশেই তিনি ওই গাছগুলো কেটেছেন।

বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের পুকুরপাড়ে থাকা বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে।

এলাকাবাসী ও সরেজমিন সূত্রে জানা গেছে, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের পুকুরপাড়ে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। সম্প্রতি পুকুরপাড়ের বড় আকারের চারটি মেহগনি ও একটি চাম্বল গাছ কেটে ফেলা হয়েছে।

এ বিষয়ে পুকুরের ইজারাদার সুরাত আলী সিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, “অধ্যক্ষের নির্দেশেই সব গাছ কেটে ফেলা হয়েছে।”

অন্যদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হান্নান দাড়িয়া বলেন, “ইউএনওর মৌখিক নির্দেশনায় একটি গাছ কাটার জন্য আমি প্রতিষ্ঠানের পুকুরের ইজারাদারকে গাছটি কেটে দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু ইজারাদার কীভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজাতির পাঁচটি গাছ কেটেছেন, তা আমি জানি না।”

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, প্রতিষ্ঠানের গাছ কাটার বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।