পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা চট্টগ্রাম পিএইচপি টাওয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির ফাইন্যান্স ডিরেক্টর ও পিপলস ইন্স্যুরেন্স পিএলসির সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী হাসান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট জনাব বি এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. মোস্তফা হেলাল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে কোম্পানির সিনিয়র ডিএমডি ও ডিএমডি, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, আগামী দিনের অগ্রগতি ও ব্যবসায়িক কৌশল নির্ধারণ, গ্রাহকসেবার মান বৃদ্ধি, দ্রুত দাবি পরিশোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী হাসান চৌধুরী বলেন, “সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে আগামী দিনে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।”
প্রধান বক্তা কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বলেন, “বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধসহ আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বীমা খাতে আরও শক্ত অবস্থান তৈরি করবে।”