ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে সৌদি আরব পাঠানো হয়েছিল শরীয়তপুরের ডামুড্যার যুবক নজরুল ইসলাম রনিকে। বিদেশে যাওয়ার পর প্রতিশ্রুত কাজ না পাওয়ার অভিযোগের মধ্যে তাঁকে ইতালি পাঠানোর কথা বলে পরিবারের কাছ থেকে নেওয়া হয় আরও টাকা। সব মিলিয়ে ১৭ লাখ টাকা দেওয়ার পরও প্রায় দুই বছর ধরে রনির কোনো সন্ধান পাচ্ছে না তাঁর পরিবার।
ছেলের খোঁজ না পেয়ে দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে রনির পরিবার। তাঁকে খুঁজে বের করা এবং টাকা নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এবার মাঠে নেমেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ডামুড্যা উপজেলার উত্তর ডামুড্যা এলাকায় অভিযুক্ত শাহীন বাবুর বাড়ির সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী, পুরুষ ও স্থানীয় যুবক অংশ নেন। এ সময় রনির সন্ধান এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিতে নানা স্লোগান দেন তাঁরা।
মানববন্ধনে রনির মা রোকসানা বেগম ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ছেলের কোনো খবর না পেয়ে তাঁরা অসহায় হয়ে পড়েছেন। রনি কোথায় আছেন বা তাঁর সঙ্গে কী ঘটেছে, কিছুই জানেন না তাঁরা। ছেলেকে জীবিত অবস্থায় ফিরে পেতে প্রশাসন ও সরকারের সহযোগিতা চান তিনি।
রনির ভাই সাব্বির পেদা বলেন, বিদেশে পাঠানোর নামে তাঁদের কাছ থেকে ১৭ লাখ টাকা নেওয়া হয়েছে বলে তাঁদের অভিযোগ। কিন্তু এরপরও তাঁর ভাইয়ের কোনো সন্ধান মিলছে না। রনিকে উদ্ধার এবং টাকা নেওয়ার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।
মানববন্ধনে নাদিম নামে স্থানীয় এক যুবক অভিযোগ করেন, বিদেশে পাঠানোর কথা বলে শাহীন বাবু আরও কয়েকজনের কাছ থেকেও টাকা নিয়েছেন। রনির সন্ধান না পাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি।
মানববন্ধনে ফাহিমা বেগম নামে এক নারীও বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ করেন। তাঁর দাবি, ছেলে ফাহিম হাসানকে সৌদি আরবে পাঠানোর কথা বলে শাহীন বাবু পাঁচ লাখ টাকা নেন। পরে একটি বিমান টিকিট দেওয়া হলেও সেটি জাল প্রমাণিত হয়। গত ১৮ আগস্ট বিমানবন্দর থেকে তাঁর ছেলেকে ফিরে আসতে হয়। এ ঘটনায় আদালতে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
ফাহিম হাসান বলেন, বিদেশ যাওয়ার জন্য তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু জাল টিকিট দেওয়ায় তিনি বিমানবন্দর থেকেই ফিরে আসতে বাধ্য হন। ঘটনার প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন তিনি।
খবর পেয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মানববন্ধনের বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যায়। বিদেশে পাঠানোর কথা বলে শাহীন বাবুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সৌদি যাওয়ার পর শুরু হয় জটিলতা
রনির পরিবার ও স্থানীয় সূত্রের ভাষ্য, উত্তর ডামুড্যা এলাকার আব্দুর রব পেদার ছেলে নজরুল ইসলাম রনিকে সৌদি আরবে পাঠানোর জন্য একই এলাকার মজিবুর রহমান বেপারীর ছেলে শাহীন বাবুর সঙ্গে সাড়ে চার লাখ টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী পাসপোর্ট দেওয়ার সময় দুই লাখ টাকা এবং পরবর্তী সময়ে আরও আড়াই লাখ টাকা দেওয়া হয়।
২০২৩ সালের ৪ ডিসেম্বর রাত ১১টার দিকে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন রনি। পরিবারের অভিযোগ, সৌদি আরবে পৌঁছানোর পর তাঁকে যে ধরনের কাজ দেওয়ার কথা বলা হয়েছিল, তা দেওয়া হয়নি। একপর্যায়ে তাঁকে একটি কক্ষে রাখা হয়। পরে একটি রেস্তোরাঁয় কাজ পেলেও কয়েক মাসের মধ্যে সেই কাজও চলে যায়।
এরপর দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করলে তাঁকে সৌদি আরব থেকে ইতালি পাঠানোর প্রস্তাব দেওয়া হয় বলে পরিবারের দাবি। এ জন্য আরও আট লাখ টাকা চাওয়া হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, চার লাখ টাকা আগে এবং ইতালিতে পৌঁছানোর পর আরও চার লাখ টাকা দেওয়ার কথা ছিল।
পরিবারের দাবি, ২০২৪ সালের ১২ ডিসেম্বর রনিকে ইতালির উদ্দেশে পাঠানো হয়। কয়েক দিন পর শাহীন বাবুর ভাই মিঠু বেপারী রনির পরিবারকে ফোন করে জানান, রনি মাফিয়াদের হাতে আটক হয়েছেন। তাঁকে মুক্ত করতে ১০ লাখ টাকা প্রয়োজন বলেও জানানো হয়।
পরিবারের এক সদস্য পরে রনির সঙ্গে ফোনে কথা বলতে সক্ষম হন বলে স্বজনদের দাবি। ওই সময় রনি তাঁকে উদ্ধারের জন্য আকুতি জানিয়েছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এরপর ধারদেনা করে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর শাহীন বাবুর কাছে আট লাখ টাকা দেওয়া হয় বলে দাবি রনির পরিবারের। টাকা দেওয়ার পর রনির বিষয়ে সুখবর দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এরপর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে স্বজনদের অভিযোগ।
সালিশেও কাটেনি অপেক্ষার অবসান
রনির সন্ধান এবং দেওয়া টাকা ফেরত পাওয়ার বিষয়ে ২০২৫ সালের ১৮ আগস্ট স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পরিবার। সেখানে রনির সন্ধান করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্ধান দিতে না পারলে টাকা ফেরত দেওয়ার কথাও বলা হয় বলে পরিবারের দাবি।
কিন্তু ওই সময়ের মধ্যে রনির সন্ধান কিংবা টাকা—কোনোটিই ফেরত পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের।
চলতি বছরের ১৭ আগস্ট শাহীন বাবুর বাড়িতে আবারও সালিশ বসে। পরিবারের দাবি, ওই বৈঠকে শাহীন বাবু তাঁদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
মানব পাচার ট্রাইব্যুনালে অভিযোগ
রনির সন্ধান এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১৯ আগস্ট ডামুড্যা থানায় মামলা করতে যান তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের মানব পাচার ট্রাইব্যুনালে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয় বলে পরিবার জানিয়েছে।
এরপর ২৩ আগস্ট রনির ভাই মো. সাব্বির পেদা শরীয়তপুরের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন।
অভিযোগে উত্তর ডামুড্যা এলাকার মৃত মজিবর রহমান বেপারীর ছেলে শাহিন বাবু (৩৬), মিঠুন বেপারী (৩৩) ও সাহানা বেগম (৫৫)-কে আসামি করা হয়েছে।
অভিযোগে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬, ৭, ৮, ৯ ও ১০ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। একই সঙ্গে অভিযোগটি ডামুড্যা থানায় এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
রনির পরিবারের পক্ষ থেকে করা এসব অভিযোগের বিষয়ে শাহীন বাবু, মিঠুন বেপারী ও সাহানা বেগমের বক্তব্য জানা সম্ভব হয়নি।