ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিভার-থাইরয়েড রোগ শনাক্তে নিনমাসে যুক্ত হলো অত্যাধুনিক আল্ট্রাসাউন্ড মেশিন

লিভারে চর্বির পরিমাণ নির্ণয়, ফাইব্রোসিস ও সিরোসিস শনাক্তের পাশাপাশি লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসে (নিনমাস) অত্যাধুনিক আল্ট্রা হাই রেজল্যুশন আল্ট্রাসাউন্ড মেশিন ‘রেজোনা এ-২০’ সংযোজন করা হয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অধিভুক্ত নিনমাসে মঙ্গলবার আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে নতুন এই যন্ত্রের উদ্বোধন করা হয়। নিনমাসের রিসার্চ সেল এবং আল্ট্রাসাউন্ড ও কালার ডপলার ডিভিশন যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।

বাংলাদেশ থাইরয়েড সোসাইটির সভাপতি অধ্যাপক এ কে এম ফজলুল বারী জানান, দেশে প্রায় ৩৩ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। এছাড়া প্রায় ১৬ শতাংশ মানুষ ক্রনিক লিভার ডিজিজ ও লিভার ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং থাইরয়েড ক্যান্সারে আক্রান্তের হার প্রায় ২ শতাংশ।

নিনমাসের পরিচালক অধ্যাপক ফজলুল বলেন, নতুন প্রযুক্তির মাধ্যমে লিভারে চর্বির পরিমাণ নির্ণয়ের পাশাপাশি ইলাসটোস্ক্যান করে লিভারের ফাইব্রাস টিস্যুর মাত্রা, সিরোসিস এবং লিভার ও থাইরয়েড ক্যান্সার শনাক্ত করা যাবে।

তিনি জানান, মেশিনটির ৩৩ মেগাহার্টজের আল্ট্রা হাই রেজল্যুশন প্রোব ব্যবহার করে ত্বক, চুলের ফলিকল, নখ, ত্বকের নিচের বিভিন্ন রোগ এবং লিম্ফ্যাটিক সিস্টেমের সমস্যাও তুলনামূলকভাবে নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হবে।

সেমিনারে লিভার ইলাস্টোগ্রাফি নিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন অনুপ কুমার কুন্ডু। আল্ট্রা হাই রেজল্যুশন থাইরয়েড ইলাস্টোগ্রাফি ও ফ্যাট কোয়ান্টিফিকেশন নিয়ে বক্তব্য দেন জোহান্না অং। স্বাগত বক্তব্য দেন সিন্টিগ্রাফি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।

এদিকে, জাতীয় সংসদে রোববার স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত জানিয়েছিলেন, ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে লিভার চিকিৎসার জন্য পাঁচ ধরনের যন্ত্রপাতি ইতোমধ্যে পৌঁছেছে। আরও ১০ ধরনের যন্ত্রপাতি সেপ্টেম্বরের মধ্যেই আসার কথা রয়েছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এসব যন্ত্রপাতি স্থাপন এবং লিভার ট্রান্সপ্লান্টের জন্য সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মীদের প্রস্তুত করতে আরও প্রায় দুই মাস সময় লাগবে। চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতেই দেশে টেকসইভাবে লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।