ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০টি ফ্লাইট দিয়েও ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে হলেও চালু করতে চায় সরকার। শুরুতে দৈনিক প্রায় ২০টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ‘সফট লঞ্চিং’ করা হবে। পরে ধাপে ধাপে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, আগের সরকারের সময়ে তৃতীয় টার্মিনালের একটি ভবন উদ্বোধন করা হলেও সেটিকে কার্যকরভাবে চালুর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, যন্ত্রপাতি ও অন্যান্য ব্যবস্থার সমন্বয় করা হয়নি। এমনকি ইন্টারনেট সংযোগসহ টার্মিনালটি কীভাবে পরিচালিত হবে, সে বিষয়েও কার্যকর পরিকল্পনা ছিল না বলে দাবি করেন তিনি।

পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) ভিত্তিতে টার্মিনাল পরিচালনার চুক্তিতেও বাংলাদেশের স্বার্থ আরও সুরক্ষিত করা হয়েছে বলে জানান উপদেষ্টা। তার ভাষ্য, আগে রাজস্ব ভাগাভাগিতে বাংলাদেশের অংশ ছিল ১৫ শতাংশ এবং জাপানি কনসোর্টিয়ামের অংশ ৮৫ শতাংশ। পররাষ্ট্র মন্ত্রণালয় ও পিপিপি কর্তৃপক্ষের উদ্যোগে জাপানের সঙ্গে একাধিক বৈঠকের পর বাংলাদেশের রাজস্ব অংশ ২৭ শতাংশে উন্নীত করা হয়েছে।

তৃতীয় টার্মিনাল নির্মাণে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধও শুরু হয়েছে। উপদেষ্টা জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিজস্ব আয় থেকে ইতোমধ্যে ১ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। আগামী ডিসেম্বরে আরও ৯০০ কোটি টাকা কিস্তি দেওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, টার্মিনাল পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত পুরোনো টার্মিনালগুলোর আয় থেকেই ঋণের বড় কিস্তি পরিশোধ করতে হবে। এতে আর্থিক চাপ কমাতে ১৬ ডিসেম্বরের মধ্যে অন্তত সীমিত পরিসরে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে টার্মিনাল পরিচালনা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় চূড়ান্ত আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলেও জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা।