রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় বিতরণ লাইন স্থানান্তরের টাই-ইন কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশের এলাকায় সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় সংশ্লিষ্ট এলাকাগুলোর আশপাশেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস। নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।