মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেছেন, শুধু বিআরটিএ যেসব বাসের চলাচলে অনুমতি দিয়েছে সেগুলোই রাস্তায় চলবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। পরে তিনি বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন একটি আবেদন দিয়েছিল, তারা স্লিপার বাস সড়কে চালাতে চায়।
তিনি বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪০ ধারায় টেকনিক্যাল স্পেসিফিকেশন বলা আছে। কেউ তা লঙ্ঘন করলে ৮৪ ধারা অনুযায়ী তা অপরাধ হিসেবে গণ্য হবে, যার সর্বোচ্চ শাস্তি ৩ বছর কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা। এছাড়া ২৮ ধারায় স্পষ্ট বলা আছে, রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না।
আদালত বলেছেন, বিআরটিএ যেসব বাস চলাচলে অনুমতি দিয়েছে শুধু সেগুলোই চলবে। স্লিপার বাস চালানোর অনুমতি নেই, হাইকোর্টও অনুমতি দেয়নি।