ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক ঘণ্টার মধ্যেই সবুজবাগ থানার ওসি বদলির আদেশ বাতিল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে বদলির আদেশ দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে তা বাতিল করা হয়েছে। ফলে তিনি আগের পদেই বহাল থাকছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক দুটি কার্যালয় আদেশে বিষয়টি জানা যায়।

এর আগে বিকেল ৪টার দিকে জারি করা আদেশে গোয়েন্দা তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে সবুজবাগ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। একই আদেশে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামিল হোসেনকে লালবাগ থানার ওসি করা হয়।

অন্যদিকে সবুজবাগ থানার তৎকালীন ওসি মো. সাইফুল ইসলামকে ডিএমপির ক্রাইম বিভাগে এবং লালবাগ থানার ওসি মো. ইয়াছিন আলীকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছিল।

তবে বিকেল ৫টার দিকে জারি করা সংশোধিত আদেশে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলামের ক্রাইম বিভাগে বদলি এবং গোয়েন্দা তেজগাঁওয়ের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের সবুজবাগ থানার ওসি হিসেবে পদায়ন—দুটিই বাতিল করা হয়। নতুন আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

মাত্র এক ঘণ্টার ব্যবধানে বদলির আদেশ বাতিলের কারণ সম্পর্কে ডিএমপির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

বিষয়টি জানতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।