অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরণ। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্থায়ী কমিটি পুনর্গঠনের পর তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
গুরুত্বপূর্ণ এই সংসদীয় কমিটিতে কিরণকে অন্তর্ভুক্ত করার খবরে তাঁর নির্বাচনী এলাকা নড়িয়া ও সখিপুরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংসদীয় পর্যবেক্ষণ ও পর্যালোচনার সুযোগ পায়। মন্ত্রণালয়ের কার্যক্রম খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষেত্রেও এ কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এ দায়িত্ব পাওয়ার পর কিরণ জাতীয় অর্থনীতি ও জনস্বার্থের বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন তাঁর নির্বাচনী এলাকার মানুষ। পাশাপাশি নড়িয়া ও সখিপুরের উন্নয়ন, অবকাঠামো এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রেও তিনি ভূমিকা রাখবেন বলে আশা তাঁদের।
স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দারা বলেন, সংসদের গুরুত্বপূর্ণ একটি স্থায়ী কমিটিতে সদস্য হওয়ার ফলে কিরণের দায়িত্বের পরিধি আরও বেড়েছে। তাঁরা আশা করছেন, তিনি অভিজ্ঞতা ও দায়িত্বশীলতার সঙ্গে এ দায়িত্ব পালন করে এলাকার মানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি দেশের স্বার্থেও অবদান রাখবেন।
উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন মো. সফিকুর রহমান কিরণ। তিনি শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।