ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যাংক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য পিয়াসের জানাজা সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য সৈনিক আবু বকর সিদ্দিক ওরফে পিয়াসের জানাজা সম্পন্ন হয়েছে। পরে তাকে সামরিক মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামে পিয়াসের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

নিহত আবু বকর সিদ্দিক পিয়াস কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালিপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে। চার বোনের একমাত্র ছোট ভাই পিয়াস ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র ও অমায়িক স্বভাবের জন্য এলাকায় সবার কাছে প্রিয় ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, চাকরির সুবাদে স্ত্রী, সন্তান ও বাবা-মাকে নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন পিয়াস। প্রায় ১৮ মাস আগে তার ঘর আলো করে জন্ম নেয় কন্যাসন্তান ফাতেমা। মেয়ের বয়স দেড় বছর পেরোতেই বাবাকে হারাতে হলো শিশুটিকে।

নিহতের চাচা মোশারেফ হোসেন বলেন, মেয়েকে ঘিরে পরিবারের আনন্দের মধ্যেই পিয়াসের মৃত্যুর খবর আসে। বাবার স্নেহ-ভালোবাসা বোঝার আগেই ছোট্ট ফাতেমাকে বাবাহারা হতে হলো।

পিয়াসের ভগ্নীপতি আবু সাঈদ বলেন, চার বোনের একমাত্র ছোট ভাই পিয়াস ছোটবেলা থেকেই সহজ-সরল ও হাসিখুশি ছিলেন। সবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলতেন। তার অমায়িক আচরণের কারণে স্বজন ও প্রতিবেশীদের কাছেও তিনি ছিলেন অত্যন্ত প্রিয়।

পিয়াসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মালিপাড়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। শেষবারের মতো তাকে দেখতে সকাল থেকেই বাড়িতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

স্থানীয় বাসিন্দা এবাদ উল্যাহ বলেন, পিয়াস অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার এমন অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন। মাত্র ১৮ মাসের মেয়েকে রেখে তার চলে যাওয়ার বিষয়টি সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, হাটহাজারী ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য নিহত হন এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা বলেন, সামরিক মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার পর পিয়াসকে দাফন করা হয়েছে। দেশের সেবায় নিয়োজিত একজন তরুণের এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।