ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের বাইরে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনের আয়োজক ভারত। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ভারত।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়। তবে শেষ পর্যন্ত সেই আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি দলও অংশ নেবে না।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, অনুকূল পরিবেশ তৈরি হলে দ্বিপক্ষীয় সফরে ভারতে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত কয়েকদিন ধরে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা চলছিল। ভারতের পক্ষ থেকেও একাধিকবার বলা হয়েছিল, সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে তাদের কাছে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে সেই অনিশ্চয়তার অবসান হলো।