ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। আরেক কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

একটি প্রজ্ঞাপনে পাঁচ কর্মকর্তাকে বদলি করে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। তিনি এতদিন পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তাকে মাগুরা সদর সার্কেলে বদলি করা হয়েছিল।

নতুন আদেশে সেই বদলি বাতিল করে সাইফুল আলম খানকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজকে বদলি করে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর)-এর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান।