ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ক্ষমতায় গেলেই হাসিনা হতে চায়, তাই সংবিধান সংস্কার জরুরি’

বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় যাওয়ার পর শাসকদের মধ্যে শেখ হাসিনার মতো ক্ষমতাকেন্দ্রিক হয়ে ওঠার প্রবণতা তৈরি হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হলে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শরীয়তপুর পৌরসভা মিলনায়তনের সামনে বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘যে যায় লঙ্কায়, সেই হয় হনুমান—বাংলাদেশের রাজনীতিতেও যেন তার প্রতিফলন দেখা যায়। যে ক্ষমতায় যায়, সেই হাসিনা হতে চায়। ক্ষমতায় থাকলে এক ধরনের কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি হয়, আবার ক্ষমতার বাইরে থাকলে বিপ্লবী হওয়ার চেষ্টা দেখা যায়।’

রাষ্ট্রের ক্ষমতা একটি নির্দিষ্ট কেন্দ্রের হাতে অতিরিক্তভাবে কেন্দ্রীভূত হওয়ার সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রপতির হাতে কার্যকর ক্ষমতা খুবই সীমিত। প্রধান বিচারপতির ক্ষেত্রেও একই ধরনের সীমাবদ্ধতা রয়েছে। রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ ক্ষমতা যদি একজন প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত করা হয়, তাহলে ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা থেকেই যায়।

তিনি বলেন, ‘এমন ক্ষমতা যদি একটি কাঠের পুতুলের হাতেও তুলে দেওয়া হয়, দুই বছর পর সেই পুতুলও হাসিনা হয়ে যাবে। তাই আমরা চাই ক্ষমতার কাঠামোয় ভারসাম্য ফিরিয়ে আনতে সংবিধান সংস্কার করা হোক।’

মামুনুল হক আরও বলেন, ‘আমরা চাই না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান নতুন করে শেখ হাসিনায় পরিণত হোন। এ জন্যই সংবিধান সংস্কারের দাবি জানানো হচ্ছে।’

দেশে দুর্নীতি, দলীয়করণ ও অব্যবস্থাপনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কারের ঘাটতির কারণে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনেও। তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকটসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে হচ্ছে দেশকে।

তিনি আরও অভিযোগ করেন, নতুন বাংলাদেশে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করা হবে না—এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলেও তিনি ঘোষণা দেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা সাব্বির আহমেদ উসমানীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক দবির হোসেন শেখ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমেদ হানজালা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুফতি নুর হোসেন নূরানী।

এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুর রব হাসেমী, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সংকট দূর করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।