ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা ও সরকারি কাজে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

চিকিৎসা গ্রহণের পাশাপাশি সরকারি দায়িত্ব পালনের উদ্দেশ্যে থাইল্যান্ড সফরে যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আগামী ১৩ সেপ্টেম্বর তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেন। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস জানান, ১৩ সেপ্টেম্বর থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়ে সেখানে নিয়মিত চিকিৎসা নেওয়ার পাশাপাশি নির্ধারিত সরকারি কাজ সম্পন্ন করবেন তিনি। আগামী ২০ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন মন্ত্রী। এর আগে গত ১ সেপ্টেম্বর জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যা নিয়ে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সম্প্রতি ব্যাংককের একটি হাসপাতালে তাঁর রক্তনালীতে স্টেন্ট বা রিং স্থাপন করা হয়। এবার নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে আবারও থাইল্যান্ডে যাচ্ছেন তিনি।