ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরের ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক মাত্র ২২, চরম ভোগান্তিতে রোগীরা

শরীয়তপুর সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হলেও পর্যাপ্ত জনবল না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ৭২টি অনুমোদিত চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ২২ জন। প্রতিদিন বহির্বিভাগ ও জরুরি বিভাগে গড়ে দেড় থেকে দুই হাজার রোগী চিকিৎসা নিতে এলেও সীমিতসংখ্যক চিকিৎসককে অতিরিক্ত চাপ নিয়ে সেবা দিতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কাগজে-কলমে হাসপাতালটি ২৫০ শয্যার হলেও এখনো ১০০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী কার্যক্রম চলছে। এর মধ্যে অনেক চিকিৎসক পদোন্নতি ও প্রেষণে অন্যত্র দায়িত্ব পালন করায় বাস্তবে রোগীসেবায় নিয়োজিত চিকিৎসকের সংখ্যা আরও কম।

গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে পরিস্থিতি আরও সংকটজনক। শিশু, নাক-কান-গলা, চক্ষু ও হৃদ্‌রোগ বিভাগে কোনো কনসালট্যান্ট বা চিকিৎসক নেই। ১১টি অনুমোদিত সিনিয়র কনসালট্যান্ট পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। ফলে বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের শরীয়তপুরের বাইরে যেতে হচ্ছে।

চিকিৎসকের পাশাপাশি নার্স ও কারিগরি জনবলেরও সংকট রয়েছে। ৯২টি অনুমোদিত নার্স পদের বিপরীতে কর্মরত আছেন ৫৯ জন। তাঁদের কেউ প্রেষণে, কেউ মাতৃত্বকালীন ছুটিতে এবং কেউ অবসর-পরবর্তী ছুটিতে থাকায় কার্যত কর্মরত নার্সের সংখ্যা আরও কম।

রোগী ও স্বজনদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করা এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বহির্বিভাগে চিকিৎসকের কক্ষের সামনে প্রতিদিনই দীর্ঘ লাইন দেখা যায়। সীমিতসংখ্যক চিকিৎসকের পক্ষে বিপুলসংখ্যক রোগীকে পর্যাপ্ত সময় দিয়ে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে।

হাসপাতালের চিকিৎসকেরা জানান, জনবল সংকটের কারণে তাদের ওপর অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে চার-পাঁচজন চিকিৎসকের দায়িত্ব একজনকে সামলাতে হচ্ছে। এতে রোগীদের স্বাভাবিক ও মানসম্মত সেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিতু বলেন, রোগীর তুলনায় চিকিৎসক কম থাকায় সেবা দিতে গিয়ে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের হিমশিম খেতে হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মাদ আকরাম এলাহী জনবল সংকটের বিষয়টি স্বীকার করে জানান, প্রয়োজনীয় চিকিৎসক ও অন্যান্য জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চাহিদাপত্র পাঠানো হয়েছে। সংকট সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

স্থানীয়দের দাবি, রোগীর চাপ বিবেচনায় দ্রুত প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। বিশেষ করে যেসব বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, সেখানে দ্রুত পদায়ন করা হলে সরকারি চিকিৎসাসেবার মান বাড়ার পাশাপাশি চিকিৎসার জন্য অন্য জেলায় যাওয়ার ভোগান্তিও কমবে।