ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ ২ হাজার ৩৮ শিশুর সন্ধান মেলেনি, কারণ খুঁজছে পুলিশ

চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয়েছে বা তারা পরিবারের কাছে ফিরে গেছে। তবে এখনো সন্ধান মেলেনি ২ হাজার ৩৮ শিশুর।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে ৯ বছর বয়সি শিশু নিখোঁজের ঘটনায় ৪৭৪টি জিডি হয়েছে। এর মধ্যে ৪০৬ শিশুকে উদ্ধার করা গেলেও ৬৮ জন এখনো নিখোঁজ। অন্যদিকে ১০ থেকে ১৭ বছর বয়সি শিশু নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে ১৫ হাজার ২৪৩টি। এ বয়সি ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে বা তারা ফিরে এসেছে। এখনো সন্ধান পাওয়া যায়নি ১ হাজার ৯৭০ জনের।

পুলিশ কর্মকর্তারা বলছেন, নিখোঁজ শিশুদের একটি বড় অংশ ১৪ থেকে ১৭ বছর বয়সি। এ বয়সে অনেক শিশু বন্ধুদের সঙ্গে অভিমান করে বা নানা কারণে বাড়ি থেকে পালিয়ে যায়। পড়াশোনার চাপ, পরিবারের শাসন, পারিবারিক কলহ, অর্থের প্রয়োজন, স্বাধীনভাবে চলার আকাঙ্ক্ষা কিংবা কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পর লজ্জা থেকেও তারা বাড়ি ছাড়তে পারে।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, শিশু নিখোঁজের বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। দ্রুত তাদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

তবে নিখোঁজের পেছনে শুধু পারিবারিক বা ব্যক্তিগত কারণই নয়, অপহরণ ও পাচারের আশঙ্কাও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. রেজাউল করিম সোহাগ বলেন, অনেক শিশু অপহরণের শিকার হয়। একটি চক্র তাদের দিয়ে ভিক্ষাবৃত্তি ও ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত করে, যা পরবর্তী সময়ে তাদের অপরাধের জগতেও ঠেলে দিতে পারে।

শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮-এর ব্যবস্থাপক চৌধুরী মো. মোহাইমেন জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বা পরিবারের শাস্তি, বাবা-মায়ের দ্বিতীয় বিয়ে, পারিবারিক ঝগড়া ও দারিদ্র্যের মতো কারণে শিশু নিখোঁজের ঘটনা ঘটে। মেয়েশিশুদের ক্ষেত্রে পাচার, গৃহশ্রমিক হিসেবে নির্যাতন, অপহরণ এবং প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাও রয়েছে। প্রতি বছর নিখোঁজের বিষয়ে ৫ হাজারের বেশি কল আসে বলেও জানান তিনি।

পুলিশ সদর দপ্তরের হিসাবে, নিখোঁজ সংক্রান্ত জিডির সংখ্যাও সাম্প্রতিক সময়ে বেড়েছে। ২০২৩ সালে এমন জিডি হয়েছিল ১৭ হাজার ৮০৮টি, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪টি এবং ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২২ হাজার ৫৫০টিতে। পুলিশের ভাষ্য, অনলাইন জিডি চালুর ফলে নিখোঁজের ঘটনায় অভিযোগ করা সহজ হওয়ায় সংখ্যাটি বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, নিখোঁজ শিশুদের অবস্থান নির্ণয়ে শুধু নিখোঁজের পরিসংখ্যান নয়, উদ্ধার হওয়া এবং এখনো নিখোঁজ থাকা শিশুদের তথ্যও একসঙ্গে বিশ্লেষণ করা জরুরি। একই সঙ্গে পাচার ও সাইবার অপরাধের ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।