ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ থেকে ৭ দিনের মধ্যে গ্যাস সংকট স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

বিদেশ থেকে আমদানি করা গ্যাস সরবরাহে জাহাজ দুর্ঘটনা ও পাইপলাইনের বিঘ্নতার কারণে সৃষ্ট সংকট আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ জানান। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, সাগরে বিদেশি মালিকানাধীন দুটি জাহাজের একটিতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হওয়ায় অপর জাহাজের ওপর চাপ বেড়ে যায়। এতে পাইপলাইনে গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। তবে গত সপ্তাহ থেকেই বিকল্প উপায়ে গ্যাস সরবরাহ শুরু হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

অবৈধভাবে গ্যাস ব্যবহার ও চুরির সমালোচনা করে তিনি বলেন, একটি অসাধু চক্র মেশিনের মাধ্যমে পাইপলাইন থেকে গ্যাস নিয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস ও তেল ব্যবহার বন্ধে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন ও প্রতিরোধমূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকা সরকার দেশকে অতিমাত্রায় বিদেশিনির্ভর করে তুলেছিল এবং বাপেক্সকে দুর্বল করে রেখেছিল। শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর লুণ্ঠন ও অর্থপাচার বন্ধ, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং তৃণমূলের জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে কাজ করছে। জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনে ১৩০টি নতুন গ্যাস কূপ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

নারীদের দক্ষ ও স্বাবলম্বী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে মেয়েদের শিক্ষাব্যবস্থা অনার্স পর্যন্ত অবৈতনিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে দেশের ৪১ লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার ১২ দিনের মাথায় এর প্রভাব বাংলাদেশেও পড়ে। জনগণের ওপর চাপ কমাতে শুরুতে জ্বালানির দাম না বাড়ালেও অতিরিক্ত ও অসাধু ব্যবহার ঠেকাতে পরে দাম সমন্বয় করতে হয়েছে।

সবশেষে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সরকার জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। বড় কোনো কর্মসূচি বাস্তবায়ন কিংবা সংকটের স্থায়ী সমাধানে কিছুটা সময় প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।