খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার হাবিবউল্লাহ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার কাজ চলছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে সম্ভাবনাময় খেলোয়াড়দের সুযোগ তৈরি করে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে খেলার মাঠ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নের প্রতিটিতে মাঠ সংরক্ষণের মাধ্যমে দেশজুড়ে খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে চায় সরকার।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রমও চলমান। শহরের পাশাপাশি গ্রামের ছেলে-মেয়েরাও যেন খেলাধুলার সুযোগ পায়, সে লক্ষ্যেই তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
খেলাধুলার সঙ্গে তরুণদের সম্পৃক্ত করা গেলে তাদের ইতিবাচক ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব উল্লেখ করে আমিনুল হক বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। একই সঙ্গে এটি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফাইনাল ম্যাচে চরচান্দা ফুটবল একাদশ ও আরশিনগর ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে শেষ হলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে আরশিনগরকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চরচান্দা ফুটবল একাদশ।