ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিপলু খানকে হয়রানির প্রতিবাদে স্থানীয়দের সভা, তদন্তের দাবি

শরীয়তপুর সদর উপজেলার শোলপাড়া ইউনিয়নের ব্যবসায়ী ও সমাজসেবক শিপলু খানকে হয়রানির প্রতিবাদে সভা করেছেন এলাকাবাসী। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন সভায় অংশ নেওয়া স্থানীয়রা।

শুক্রবার বিকেলে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গয়ঘর খলিফাকান্দি এলাকায় শিপলু খানের বাড়ির মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ পাঁচ শতাধিক বাসিন্দা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, শিপলু খান দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বিপদে-আপদে তিনি স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের অভিযোগ, কিছু ব্যক্তির বক্তব্য ও অভিযোগের কারণে তাঁকে নানাভাবে হয়রানির মুখে পড়তে হচ্ছে।

তাঁরা বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই সেটিকে সত্য ধরে নেওয়া উচিত নয়। অভিযোগের পেছনে প্রকৃত ঘটনা কী, তা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। শিপলু খানের বিরুদ্ধেও যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আবার অভিযোগ মিথ্যা বা ভিত্তিহীন প্রমাণিত হলে একজন নির্দোষ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা কামনা করেন তাঁরা।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার প্রকৃত সত্য উদঘাটন হলে এ নিয়ে এলাকায় তৈরি হওয়া বিভ্রান্তি এবং নানা ধরনের আলোচনা-সমালোচনার অবসান ঘটবে। তাই কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

এর আগে এক সংবাদ সম্মেলনে শিপলু খান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শিপলু খান বলেন, প্রকৃত ঘটনা জানতে নিরপেক্ষ তদন্তের কোনো বিকল্প নেই। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে সত্য উদঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো ধরনের অন্যায় হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে সহযোগিতাও কামনা করেন তিনি।