ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

রাজধানীর গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

রাত ৮টা ৪৫ মিনিটে ভাটারা থানার সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিন আরাফাত।

তিনি বলেন, গুলশান এলাকায় নিষিদ্ধ আওয়ামী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছে। এর প্রতিবাদেই জামায়াত বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

ইয়াসিন আরাফাত অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে বহু মানুষ হত্যার শিকার হয়েছেন, ‘আয়নাঘর’ তৈরি হয়েছে, বিপুল অর্থ পাচার হয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বাংলাদেশে কোনো স্থান থাকা উচিত নয়।

প্রশাসনের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা গুলশানে নিষিদ্ধ সংগঠনের লোকজন কীভাবে মিছিল করার সুযোগ পেল। দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের মিছিলের বিষয়ে সরকারকে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার কার্যক্রমে কোনো ধরনের ‘তালবাহানা’ করা হলে সরকারের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি দেন ইয়াসিন আরাফাত। তিনি বলেন, ‘এই ফ্যাসিবাদের আর কোনো ঠাঁই বাংলাদেশে হবে না।’

বিক্ষোভ মিছিল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং তাদের কথিত অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়। কর্মসূচিতে গুলশান পূর্ব থানা আমির জিল্লুর রহমান, ভাটারা থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিম, গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আযাদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।