ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তাবিত সাইবার আইনে সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের ক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গুজব ও অপতথ্য ছড়ানো, মানহানি, বুলিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি বা সম্পাদিত কনটেন্টকে অপরাধের আওতায় এনে শাস্তির পরিধি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি অনলাইন কনটেন্ট অপসারণ ও ব্লক করার ক্ষেত্রেও সরকারের ক্ষমতা সম্প্রসারণের কথা বলা হয়েছে।

প্রস্তাবিত আইনের নতুন ২৬(ক) ধারায় সাইবার স্পেসে গুজব ও অপতথ্য প্রকাশ বা প্রচারকে অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব রয়েছে। এ অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ৪০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। খসড়ায় গুজব বলতে এমন অসমর্থিত বা যাচাই না করা তথ্য, সংবাদ বা দাবিকে বোঝানো হয়েছে, যা জনমনে বিভ্রান্তি, আতঙ্ক, উত্তেজনা বা সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টি করে বা করার আশঙ্কা থাকে।

এ ছাড়া ২৫ ধারার আওতা বাড়িয়ে যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং ও অশ্লীল কনটেন্টের পাশাপাশি মানহানিকর তথ্য যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এসব অপরাধের শাস্তি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে। নারী বা ১৮ বছরের কম বয়সি শিশুর ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ৪০ লাখ টাকা জরিমানার বিধান রাখার কথা বলা হয়েছে।

খসড়ায় বুলিংয়েরও নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। পরিকল্পিত ও বারবার ক্ষমতা, প্রভাব বা আধিপত্য ব্যবহার করে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর ওপর শারীরিক, মৌখিক, সামাজিক বা ডিজিটালভাবে এমন আচরণ, যাতে ক্ষতি, ভয়, সামাজিক বর্জন বা বিচ্ছিন্নতা তৈরি হয়—তাকে বুলিং হিসেবে বিবেচনার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি, সম্পাদিত বা পরিবর্তিত কনটেন্টকেও সংশ্লিষ্ট অপরাধের আওতায় আনার কথা বলা হয়েছে।

কোনো কোম্পানি বা আইনগত সত্তার মাধ্যমে অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান বহাল রাখার প্রস্তাব রয়েছে। নতুন ২৯(৩) উপধারায় কোনো প্রতিষ্ঠান দোষী সাব্যস্ত হলে আদালত তার নিবন্ধন, লাইসেন্স বা কার্যক্রম স্থগিত, বাতিল কিংবা নিষিদ্ধ করার আদেশ দিতে পারবে।

খসড়ায় অনলাইন কনটেন্ট অপসারণ ও ব্লকের ক্ষমতাও বিস্তৃত করার প্রস্তাব রয়েছে। বর্তমান আইনে নির্দিষ্ট পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর যে ক্ষমতা রয়েছে, সংশোধনীতে তা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সরকার অনুমোদিত অন্যান্য সংস্থা বা বাহিনীর ক্ষেত্রেও দেওয়ার কথা বলা হয়েছে। সার্বভৌমত্ব, নিরাপত্তা, জনশৃঙ্খলা, সাম্প্রদায়িক বিদ্বেষ, সহিংসতার আশঙ্কা, অপরাধ, অপতথ্য, গুজব ও মানহানিকর তথ্যসহ বিভিন্ন কনটেন্ট এ ক্ষমতার আওতায় আসতে পারে।

প্রস্তাবিত সংশোধনী নিয়ে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংগঠনটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, খসড়ায় সাইবার অপরাধ, সাইবার সুরক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতাকে একই আইনের আওতায় এনে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। বরং এর মাধ্যমে অপব্যাখ্যা ও অপব্যবহারের সুযোগ তৈরি হয়ে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।