সৌদি আরবের তিনটি শহরে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সোমবার খামিস মুশাইত, আবহা ও তায়েফ শহর লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, হামলায় আহতদের শরীরে হালকা থেকে মাঝারি ধরনের আঘাত লেগেছে। এ ছাড়া সাতটি বাড়ি ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
হুথিদের বিরুদ্ধে বেসামরিক মানুষ ও অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলে আল-মালকি বলেন, আত্মরক্ষার অধিকার অনুযায়ী এসব হামলা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
হামলার পর মঙ্গলবার ভোরে জেদ্দা, ইয়ানবু, তায়েফ, আবহা, জাজান ও আলউলা—এই ছয় শহরে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করে সৌদি সিভিল ডিফেন্সের সাধারণ পরিদপ্তর। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে জরুরি প্রয়োজনে ৯১১ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়।
এর আগে হুথি সামরিক বাহিনীর মুখপাত্র এহিয়া সারিয়া দাবি করেন, আগের ২৪ ঘণ্টায় ইয়েমেনের পাঁচটি প্রদেশে সৌদি যুদ্ধবিমান ৫৪টি বিমান হামলা চালিয়েছে। এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান দিয়ে এসব হামলা চালানো হয়েছে উল্লেখ করে তিনি এর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন।
সোমবারের শুরুতে খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবিও করে হুথিরা। একই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের হুমকি দেয় তারা।
কয়েক বছর তুলনামূলক শান্ত থাকার পর জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ ফের তীব্র হয়েছে। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর দেশটিতে যুদ্ধ শুরু হয়। পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।