শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় সদর উপজেলার কানারবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলার দক্ষিণ আটং এলাকার রুহুল আমিন বেপারীর ছেলে সিয়াম হোসেন বেপারী (২০), একই এলাকার আমির হোসেন সরদারের ছেলে অন্তর সরদার (২১) এবং ডামুড্যা উপজেলার কুতুবপুর এলাকার নাসির বেপারীর ছেলে সিয়াম বেপারী (১৯)। পুলিশ জানিয়েছে, তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে সদর উপজেলার আটং এলাকার কানারবাজার-বুড়িরহাট সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। মিছিলের পরপরই এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি পুলিশের নজরে আসার পর পালং মডেল থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সন্ধ্যায় কানারবাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের মোবাইল ফোন যাচাই করে মিছিলে অংশগ্রহণের ভিডিও পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
পরে সোমবার তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল শেষে ফেরার সময় রোববার সন্ধ্যায় কানারবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মোবাইল ফোন যাচাই করে মিছিলে অংশগ্রহণের ভিডিও পাওয়া গেছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।