বিদেশে পাচারের অভিযোগে আলোচিত ১১ হাজার কোটি টাকা দেশে ফিরিয়ে এনে গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ব্যবহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘১১ হাজার কোটি টাকা দ্রুত ফিরিয়ে এনে গ্যাস, বিদ্যুৎ সংকট সমাধানের জোর দাবি জানাচ্ছি।’
সম্প্রতি আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি অভিযোগটি তার বিরুদ্ধে চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।
দুদকের তথ্য অনুযায়ী, অভিযোগের মধ্যে বিদেশে অর্থ পাচারের পাশাপাশি নিয়োগ, বদলি, পদায়ন, উন্নয়ন প্রকল্প ও দরপত্রসংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে। তবে অভিযোগগুলো এখনো অনুসন্ধানাধীন।
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন আসিফ মাহমুদ। তিনি অভিযোগের বিষয়ে আপত্তি জানিয়ে দুদকের বক্তব্য প্রত্যাহারের দাবিও জানিয়েছেন। দেশের বাইরে তার কোনো সম্পদের প্রমাণ পাওয়া গেলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
এদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পরিস্থিতির অবনতির কারণে বাংলাদেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে চাপ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে উচ্চ এলএনজি দামের কারণে শিল্প উৎপাদন ও বিদ্যুৎ খাতে ব্যয় বাড়ার বিষয়টিও উঠে এসেছে।
আসিফ মাহমুদের সর্বশেষ বক্তব্যে আলোচিত অর্থের অভিযোগ এবং চলমান গ্যাস-বিদ্যুৎ সংকটকে একই প্রসঙ্গে এনে দ্রুত অর্থ ফেরত আনার দাবি জানানো হয়েছে।