সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর প্রথম সচিব সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সর্বশেষ সচিব সভা অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রায় দুই বছর পর মঙ্গলবার আবার সচিবদের এ সমন্বয় সভা অনুষ্ঠিত হলো।
সচিব সভায় সরকারের প্রশাসনিক কার্যক্রম, নীতিগত সিদ্ধান্ত, উন্নয়ন কর্মসূচি এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হয়। এবারের সভায় চারটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়। এর মধ্যে ছিল সরকারের কার্যক্রমসংক্রান্ত আনুষ্ঠানিক বিষয়, ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ এবং সরকারি কর্মকাণ্ডকে আরও গতিশীল, কল্যাণমুখী ও কার্যকর করার বিষয়।
সভায় চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটও গুরুত্ব পায়। ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতে এর সম্ভাব্য প্রভাব এবং তা মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট এক সচিব জানান, আমদানিনির্ভর জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। সরকারি ভবন ও স্থাপনায় সৌর প্যানেল স্থাপন, বেসরকারি খাতকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা এবং বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অংশ বাড়ানোর বিষয়ও উঠে আসে।
এ ছাড়া সরকারি চাকরির শূন্য পদ পূরণ এবং প্রশাসনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়েছে।
সরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান ওই সচিব। একই সঙ্গে সরকারি কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের বিষয়েও সচিবদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এসব কর্মসূচিতে অর্থ ব্যয় ও উপকারভোগী নির্বাচনসহ পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।