ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবরেজিস্ট্রার সংকটে শরীয়তপুর সদর ও ডামুড্যায় দলিল নিবন্ধন ব্যাহত

শরীয়তপুর সদর ও ডামুড্যা উপজেলায় দীর্ঘদিন ধরে সাবরেজিস্ট্রার পদ শূন্য থাকায় জমি নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্য উপজেলা থেকে কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে সপ্তাহে মাত্র দুই দিন দলিল নিবন্ধনের কাজ পরিচালনা করায় ক্রেতা-বিক্রেতা, দলিল লেখকসহ সেবাপ্রত্যাশীদের ভোগান্তি বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রি কার্যালয়ে প্রায় দেড় বছর ধরে স্থায়ী সাবরেজিস্ট্রার নেই। একইভাবে ডামুড্যা কার্যালয়েও দীর্ঘদিন ধরে পদটি শূন্য রয়েছে। ফলে অন্য উপজেলার সাবরেজিস্ট্রারদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে কোনোভাবে কার্যক্রম চালানো হচ্ছে। এতে সপ্তাহের নির্ধারিত দুই দিন ছাড়া বাকি দিনগুলোতে দলিল নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকছে।

জমি নিবন্ধনের জন্য নির্ধারিত দিনের অপেক্ষায় থাকতে হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের। অনেককে একাধিকবার কার্যালয়ে আসতে হচ্ছে। এতে সময়ের পাশাপাশি যাতায়াতসহ অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে বলে অভিযোগ করেছেন সেবাপ্রত্যাশীরা।

দলিল লেখকদেরও একই কারণে আর্থিক সংকটে পড়তে হচ্ছে। নিয়মিত দলিল নিবন্ধন না হওয়ায় সপ্তাহের বেশির ভাগ সময় তাদের কর্মহীন থাকতে হচ্ছে। দলিল লেখকরা বলছেন, তাদের অনেকের পরিবারের আয়ের প্রধান উৎস এই পেশা হওয়ায় দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলতে থাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. সাগির হোসেন ভূঁইয়া বলেন, জেলা সদরে স্থায়ী সাবরেজিস্ট্রার না থাকায় সাধারণ মানুষ ও দলিল লেখক—দুই পক্ষই সমস্যায় পড়েছেন। দ্রুত একজন স্থায়ী সাবরেজিস্ট্রার নিয়োগ দেওয়া প্রয়োজন।

সমিতির সাবেক সভাপতি মো. নুরুল হক বলেন, জেলা সদরে জমি নিবন্ধনের চাপ তুলনামূলক বেশি। সেখানে নিয়মিত সাবরেজিস্ট্রার না থাকায় সেবার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

দলিল লেখক বাবুল বেপারী বলেন, সপ্তাহে মাত্র দুই দিন কাজ হওয়ায় তাদের আয় আগের তুলনায় অনেক কমে গেছে। দ্রুত স্থায়ী সাবরেজিস্ট্রার নিয়োগ হলে এ সংকটের অবসান হবে বলে আশা করেন তিনি।

জমির ক্রেতা শম্পা বলেন, জমি কেনার পর দলিল নিবন্ধনের জন্য নির্ধারিত সময়মতো কাজ করতে না পারায় তাকে বারবার কার্যালয়ে আসতে হচ্ছে। এতে সময় ও অর্থ—দুই দিক থেকেই ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে শরীয়তপুরের জেলা রেজিস্ট্রার হেলেনা পারভীন বলেন, সদর ও ডামুড্যা সাবরেজিস্ট্রি কার্যালয়ে পদ শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।