চট্টগ্রামের লোহাগাড়ায় সাত মাস নিখোঁজ থাকার পর মো. রায়হান (১২) নামে এক শিশুকে ডান পা হারানো অবস্থায় ভিক্ষা করতে দেখা গেছে। শিশুটির অভিযোগ, কক্সবাজার থেকে তাকে একটি সংঘবদ্ধ চক্র ঢাকায় নিয়ে গিয়ে পা কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করেছে।
গত শনিবার রাতে চুনতি সিরাত মাহফিলের সমাপনী অনুষ্ঠানে সিরাত ময়দানে ভিক্ষা করার সময় স্থানীয় এক ব্যক্তি রায়হানকে চিনতে পারেন। পরে তার পরিবারকে খবর দেওয়া হলে বাবা নাজিম উদ্দিন সেখানে গিয়ে ছেলেকে বাড়িতে নিয়ে আসেন।
পরিবারের ভাষ্য, প্রায় সাত মাস আগে চুল কাটার কথা বলে ১০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল রায়হান। এরপর আর বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
রায়হানের দাবি, চুনতি থেকে কক্সবাজার যাওয়ার পর একটি চক্র তাকে ঢাকায় নিয়ে যায়। সেখানে তার ডান পা কেটে ফেলে ভিক্ষা করতে বাধ্য করা হয়। প্রতিদিন ভিক্ষা করে চক্রের সদস্যদের ৫০০ টাকা করে দিতে হতো বলেও দাবি করেছে সে। তার আরও দাবি, একইভাবে আরও কয়েকজন শিশুকে পঙ্গু করে ভিক্ষাবৃত্তিতে নামানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রেলস্টেশন, বাস টার্মিনালসহ জনবহুল বিভিন্ন স্থান থেকে শিশুদের অপহরণ বা প্রলোভনের মাধ্যমে নিয়ে গিয়ে পঙ্গু করে ভিক্ষাবৃত্তিতে ব্যবহারের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। তবে রায়হানের বক্তব্য এবং তার পা কাটার ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
রায়হানের বাবা নাজিম উদ্দিন বলেন, সাত মাস পর ছেলেকে ফিরে পেলেও তার ডান পা নেই। ছেলের কাছ থেকেই ঢাকার একটি চক্রের বিষয়ে জানতে পেরেছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ছেলের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারি সহায়তার দাবি জানান।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিশুটির পা কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রায়হানকে প্রতিবন্ধী ভাতাসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি।