রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় স্বামীর জননাঙ্গ কেটে দেওয়ার মামলায় মোছা. রুমা আক্তারকে পৃথক দুই ধারায় মোট সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সাজা একই সময়ে কার্যকর হওয়ায় তাকে বাস্তবে চার বছর কারাগারে থাকতে হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ রায় দেন। পরদিন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী আতাউর রহমান।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুনে সিয়াম ও রুমার বিয়ে হয়। বিয়ের পর তারা বংশালের কসাইটুলী এলাকায় একটি বাসায় বসবাস করছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ দেখা দিত।
অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে বাইরে থেকে খাবার খেয়ে বাসায় ফেরেন সিয়াম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সিয়াম ঘুমিয়ে পড়লে ভোর সাড়ে ৪টার দিকে কাপড় কাটার কাঁচি দিয়ে তার জননাঙ্গে আঘাত করেন রুমা। এ সময় ধস্তাধস্তিতে সিয়ামের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলও আহত হয়।
ঘটনার দিন সিয়ামের বাবা বংশাল থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৫ মে রুমাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বংশাল থানার উপপরিদর্শক ফেরদৌস আলম।
এরপর ১০ নভেম্বর রুমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামি রুমাও নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দেন।
রায়ের আদেশে কাঁচি দিয়ে আঘাত করার অপরাধে রুমাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে।
অন্যদিকে গুরুতর আঘাতের অপরাধে তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানাও পরিশোধ না করলে অতিরিক্ত এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে। তবে দুই ধারার সাজা একই সময়ে চলবে। ফলে কার্যত চার বছর কারাভোগ করতে হবে রুমাকে।