ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শফিকুর রহমান কিরণ এমপির নিজ অর্থায়নে নড়িয়া-সখিপুরের ১১ যুবকের দুবাই যাওয়ার প্রস্তুতি

বেকার যুবকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণের ব্যক্তিগত অর্থায়নে আরও ১১ যুবক দুবাই যাচ্ছেন। বিদেশযাত্রার প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার তাদের হাতে ভিসা, পাসপোর্ট, বিমান টিকিটসহ প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়েছে।

শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্রশিক্ষণ শেষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত যুবকদের হাতে এসব কাগজপত্র তুলে দেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম শিমু, জেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও ম্যাটকো ইন্টারন্যাশনালের প্রতিনিধি সাহাদাত হোসেন উজ্জ্বলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে শরীয়তপুর-২ আসনের প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে বেকার যুবককে নিজ অর্থায়নে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। এ উদ্যোগের দ্বিতীয় ধাপে ১১ জনকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মসংস্থানের জন্য পাঠানো হচ্ছে।

এর আগে ২২ আগস্ট প্রথম ধাপে ৪৬ জন যুবককে বিদেশে পাঠানো হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিদেশে যাওয়ার সুযোগ পাওয়া কয়েকজন যুবক জানান, আগে দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার চেষ্টা করে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক টাকা খরচ করার পরও বিদেশে যেতে পারেননি। এবার কোনো খরচ ছাড়াই বিদেশে যাওয়ার সুযোগ পাওয়ায় তারা আনন্দিত।

তারা জানান, দুবাইয়ে কর্মসংস্থানের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চান। বিনা খরচে বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সংসদ সদস্য শফিকুর রহমান কিরণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।